বাংলাদেশ সীমান্তে নতুন ধরনের কাঁটাতারের বেড়া স্থাপনের পরিকল্পনা করছে ভারত। গত রবিবার ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল অলোক কুমার চক্রবর্তী এই তথ্য জানান। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে অলোক কুমার জানান, বাংলাদেশ-ভারত সীমান্তের বেশিরভাগ অংশের কাঁটাতারের বেড়াগুলোর মেয়াদ পেরিয়ে গেছে। সেই সঙ্গে ত্রিপুরায় অতিবৃষ্টি আন্তর্জাতিক সীমান্তের বেড়াকে ক্ষতিগ্রস্ত করেছে। এ কারণেই নতুন বেড়া স্থাপনের চিন্তা করা হচ্ছে।
বিষয়টি ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সক্রিয়ভাবে বিবেচনা করছে জানিয়ে তিনি বলেন, আমরা আশাবাদী, সীমান্ত ব্যবস্থা জোরদারে নতুন ডিজাইনের বেড়া নির্মাণের কাজ দ্রুত শুরু হবে। পাশাপাশি বাংলাদেশ-ভারত সীমান্তে পরিস্থিতি ‘স্বাভাবিক’ আছে বলেও জানিয়েছেন অলোক কুমার। এ সময় বাংলাদেশ ও ভারতীয় সীমান্তবাহিনীর মধ্যে সম্পর্ক বেশ সৌহার্দ্যপূর্ণ বলেও জানান অলোক।
ভারতের পাঁচটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যার মোট দৈর্ঘ্য ৪ হাজার ৯৬ কিলোমিটার। এই পাঁচটি রাজ্য হলো পশ্চিমবঙ্গ, যা ২ হাজার ২১৭ কি. মি সীমান্ত নিয়ে সবচেয়ে বেশি অংশ জুড়ে রয়েছে। এরপর রয়েছে ত্রিপুরা (৮৫৬ কিমি), মেঘালয় (৪৪৩ কিমি), মিজোরাম (৩১৮ কিমি), এবং সবশেষে আসাম (২৬২ কিমি)। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে ভারতের। এ ছাড়া দুই দেশের সীমান্ত উত্তেজনাও যেকোনো সময়ের চেয়ে বেশি। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে জোরপূর্বক বাংলাদেশে পুশ-ইনের অভিযোগও আছে।
