পুরান ঢাকার চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকার একটি তিন তলা ভবনে ভয়াবহ অগ্নিকা- হয়েছে। গতকাল সোমবার বিকেলে ভবনটির তৃতীয় তলায় থাকা লাগেজ তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আগুন ছড়িয়ে পড়েছিল পাশের আরেকটি দ্বিতল ভবনে। সেটিতে আগুন ভয়াবহ রূপ নেওয়ার আগেই নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ডালপট্টি এলাকায় ঘিঞ্জি অবস্থায় একটির সঙ্গে আরেকটি ভবন লাগোয়া থাকায় এবং রাস্তা সরু হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের। যে ভবনটিতে আগুন লেগেছে সেটির তৃতীয় তলায় লাগেজ ফিটিং কারখানা, দ্বিতীয় তলায় কর্মচারীদের আবাসন ও নিচতলায় গুদাম। পাশের যে ভবনে আগুন ছড়িয়ে পড়ে সেটির নিচতলায় ওয়ার্কশপ ও দ্বিতীয় তলায় একটি অফিস রয়েছে। ভবনটি গড়ে উঠেছে অনেকটা বস্তির মতো জবুথবুভাবে। দরজা, জানালা ও চলাচলের জায়গার কোনো ঠিক নেই। পাশাপাশি অবস্থিত ভবনগুলোর মাঝখান দিয়ে সরু রাস্তা দিয়ে সবাই চলাচল করে। ভবনটির আশপাশের অন্য ঘিঞ্জি ভবনগুলোর বিভিন্ন তলার মাঝখানের সরু জায়গা দিয়ে ফায়ার সার্ভিসকে অভিযান পরিচালনা করতে দেখা যায়।
ফায়ার সার্ভিসের উপপরিচালক (ঢাকা) মো. ছালেহ উদ্দিন বলেন, বিকেল ৪টা ৪২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ৭টি ইউনিট ঘটনাস্থলে গেলেও দুটি ইউনিটের কাজ করতে হয়নি। সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সরু রাস্তা ও ঘিঞ্জি ভবনের কারণে আমাদের বেশ বেগ পেতে হয়েছে। তিনি আরও বলেন, এখানকার ভবনগুলোর অবস্থা খুবই করুণ। বলতে গেলে এই ভবনগুলো কোনো শ্রেণির মধ্যেই পড়ে না। ভবনের কোথাও সেমিপাকা, কোথাও টিন দিয়ে মোড়া, কোথাও দাহ্য পদার্থে ঠাসা ছিল।
মোহাম্মদপুরে ভবনে আগুন : গতকাল বিকেলে মোহাম্মদপুরের জহুরি মহল্লায় একটি ছয় তলা আবাসিক ভবনের ছয় তলায় অগ্নিকা- হয়েছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনাতেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিশ্চিত হওয়া যায়নি।
