সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রথম সচিব হাবিবুর

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩২ এএম

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রথম সচিব (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি এ সচিবালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পেলেন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গতকাল সোমবার তাকে সচিব হিসেবে দায়িত্ব দেন। সুপ্রিম কোর্ট প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রধান বিচারপতি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীকে সুপ্রিম কোর্ট সচিবালয়ের সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেছেন। অর্থাৎ, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আপাতত একই সঙ্গে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার এবং সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি : সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি হওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিবৃতি দিয়েছে অধস্তন আদালতের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, এ অধ্যাদেশ জনগণের ন্যায়বিচার প্রাপ্তির অন্যতম বন্দোবস্ত এবং ঐতিহাসিক দলিল হয়ে থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত