শাকসু নির্বাচন: ভোটার তালিকা প্রকাশ, মনোনয়নপত্র সংগ্রহ শুরু

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৫ পিএম

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) এবং হল সংসদের চূড়ান্ত ভোটার তালিকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন প্রকাশ করেছে।

সোমবার (১ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তালিকাটি প্রকাশ করা হয়।

চূড়ান্ত তালিকা অনুযায়ী শাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৯,১২৪। তালিকায় ছয়টি আবাসিক হলের পাশাপাশি অনাবাসিক শিক্ষার্থীরাও অন্তর্ভুক্ত হয়েছেন। 

শাহপরাণ হলে ২,২২০ জন, বিজয়-২৪ হলে ২,১৫৬ জন এবং সৈয়দ মুজতবা আলী হলে ১,৪২২ জন ভোটার রয়েছেন। মেয়েদের হলে আয়েশা সিদ্দীকা হলে ১,৩৪৪ জন, বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলে ১,৩০৬ জন এবং ফাতিমা তুজ জাহরা হলে ৬৭৬ জন ভোটার আছে।

নির্বাচন তফসিল অনুযায়ী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২০ জানুয়ারি। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। 

শাকসুর মুখপাত্র অধ্যাপক ড. নজরুল ইসলাম জানান, বেলা ১২টার দিকে এক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার প্রয়োজনীয় কাগজপত্রের তালিকাও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- কেন্দ্রীয় ছাত্র সংসদের জন্য ৩০০ টাকা এবং হল সংসদের জন্য ২০০ টাকা ব্যাংকে জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জাতীয় পরিচয়পত্র, শিক্ষার্থী আইডি এবং ডোপ টেস্টের রশিদ জমা দিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত