২০২৬ বিশ্বকাপ থেকে ফুটবলে আসতে পারে নতুন নিয়ম

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ পিএম

ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি প্রায় ৭ মাস। ৪৮ দলের টুর্নামেন্টে ৪২ দল চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। ইউরোপিয়ান প্লে অফ থেকে যোগ দেবে আরও চারটি দল আর আন্তঃমহাদেশীয় প্লে অফ থেকে খেলবে আরও দুটি। আগামী শুক্রবার হতে যাচ্ছে 'গ্রেটেস্ট শো অর্ন আর্থের' ড্র। পরদিনই সময়সূচি প্রকাশ করবে ফিফা।

বিশ্বকাপের ২৩তম আসরে দেখা যাবে নতুন নিয়মও। ফুটবলে কর্নার কিকে বড় পরিবর্তনের পরীক্ষামূলক প্রয়োগ দেখা যেতে পারে আসন্ন বিশ্বকাপে। এছাড়া ভিএআরের ক্ষমতা আরও বাড়ানোর জন্য বিশেষ অনুমতি পেতে পারে ফিফা। এর মধ্যে কর্নার-কিক সংক্রান্ত সিদ্ধান্তেও ভিএআরের হস্তক্ষেপ অন্তর্ভুক্ত থাকতে পারে।

'দ্য টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার শীর্ষ কর্তারা চেষ্টা করছেন যেন রেফারি ভুল কর্নারের সিদ্ধান্ত নিলে ভিএআর তা সংশোধনে সাহায্য করতে পারে। এছাড়া ভিএআরকে দ্বিতীয় হলুদ কার্ড এর সিদ্ধান্তও পুনর্বিবেচনা করার অনুমতি দেওয়া হতে পারে, যাতে নিশ্চিত হওয়া যায় যে খেলোয়াড়কে সঠিকভাবেই মাঠছাড়া করা হয়েছে।

নিয়মটি শুরু হলে আগামী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগেও ব্যবহার হতে পারে বলে খবর সংবাদমাধ্যমে।

কর্নারের মতো মুহূর্ত সর্বোচ্চ নির্ভুলতা দিয়ে নিতে হবে। ভুল কর্নার দেওয়া হলে, আর সেটি যদি ফাইনালের ফলেই প্রভাব ফেলে, তবে তা জন্ম দিতে পারে বড় ধরনের বির্তক। ভিএআরে বল পুরো লাইন পার করেছে কি না বা শেষ কোন দলের খেলোয়াড় বল স্পর্শ করেছে এসব যাচাই করা হবে।

নিয়মে এমন পরিবর্তন আনতে হলে সেগুলোকে আগামী মার্চে আইএফএবির বার্ষিক সাধারণ সভায় অনুমোদন নিতে হবে। ফুটবলে কোনো নিয়মের পরিবর্তন আনতে আছে ভোটাভুটির সিস্টেম। আইএফএবি গঠিত চারটি ব্রিটিশ ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিটির একটি করে ভোট, আর ফিফার কাছে আছে চারটি ভোট। নিয়মে কোনো পরিবর্তন আনতে কমপক্ষে প্রয়োজন হয় ছয়টি ভোটের।

ফিফা সাম্প্রতিক বছরগুলোতে টুর্নামেন্টে নতুন প্রযুক্তি প্রয়োগে বেশ আগ্রহ দেখিয়েছে। কাতার বিশ্বকাপে সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি ব্যবহার করা হয়। আর গত গ্রীষ্মে ক্লাব বিশ্বকাপে রেফারিদের শরীরে ক্যামরা রাখার সিস্টেম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত