ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ‘বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামের সংগ্রহ থেকে ২৫টি বস্তুতে বাংলাদেশের ইতিহাস’ শিরোনামের সপ্তাহব্যাপী এক অনন্য ফটোগ্রাফিক প্রদর্শনীর উদ্বোধন করেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) ইউল্যাব ক্যাম্পাসে এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ইউল্যাবের জেনারেল এডুকেশন ডিপার্টমেন্ট ও সেন্টার ফর আর্কিওলজিক্যাল স্টাডিজের যৌথ আয়োজনে এই প্রদর্শনীটি শুক্রবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামের হেরিটেজ ফেস্টিভ্যালের একটি সম্প্রসারণ, যা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
শনিবার (৬ ডিসেম্বর) পর্যন্ত চলমান এই প্রদর্শনী দর্শকদেরকে বাংলাদেশের বৈচিত্র্যময় মূর্ত ও বিমূর্ত ঐতিহ্যের মধ্য দিয়ে দেশের সমৃদ্ধ ইতিহাসের এক অনন্য ভিজ্যুয়াল যাত্রায় নিয়ে যাবে।
এই প্রদর্শনী যৌথভাবে কিউরেট করেছে বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম, ডারহাম ইউনিভার্সিটির ইউনেস্কো চেয়ার অন আর্কিওলজিক্যাল এথিকস অ্যান্ড প্র্যাকটিস ইন কালচারাল হেরিটেজ এবং ইউল্যাব। প্রদর্শনীর পৃষ্ঠপোষকতা করছে ব্রিটিশ কাউন্সিলের কালচারাল প্রোটেকশন ফান্ড, যা যুক্তরাজ্য সরকারের ডিপার্টমেন্ট ফর কালচার, মিডিয়া অ্যান্ড স্পোর্টের সহযোগিতায় পরিচালিত।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মিলন কুমার ভট্টাচার্য। এছাড়াও ব্রিটিশ কাউন্সিল, ঢাকা’র ডেপুটি ডিরেক্টর মিস মারিয়া রহমান বাংলাদেশের আন্তর্জাতিক সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষায় যুক্তরাজ্যের ভূমিকা এবং কালচারাল প্রোটেকশন ফান্ডের কার্যক্রম তুলে ধরেন। বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রফেসর ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান ফান্ডটির সহযোগিতায় মিউজিয়ামে পরিচালিত দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ কর্মসূচি নিয়ে আলোচনা করেন। ইউনেস্কো চেয়ার প্রফেসর ড. রবিন কনিংহাম, ‘ব্রেকিং দ্য মিথ: এনগেজিং মিউজিয়াম প্রফেশনালস অ্যান্ড কমিউনিটি’ শীর্ষক আলোচনা প্রদান করেন।
ধন্যবাদ জ্ঞাপন করেন ইউল্যাবের জেনারেল এডুকেশন ডিপার্টমেন্টের প্রধান ও সেন্টার ফর আর্কিওলজিক্যাল স্টাডিজ-এর পরিচালক প্রফেসর ড. শাহনাজ হুসনে জাহান।
সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইউল্যাবের সাবেক উপাচার্য প্রফেসর ইমরান রহমান; যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিলি উইলিয়ামস, ড. মার্ক ম্যানুয়েল এবং ড. ক্রিস্টোফার ডেভিস; আইকোমোস নেপালের উপদেষ্টা ড. কাই ওয়াইজ; বরেন্দ্র গবেষণা জাদুঘরের উপ-গ্রন্থাগারিক আসলাম রেজা। এছাড়াও প্রমুখ জাদুঘর পেশাজীবী, প্রত্নতত্ত্ববিদ, ইতিহাসবিদ, ঐতিহ্য বিশেষজ্ঞ এবং ইউল্যাবের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‘A History of Bangladesh in 25 Objects’ প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। আগামী শনিবার, ৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত ইউল্যাব ক্যাম্পাসে প্রদর্শনীটি দেখা যাবে। ১,০০,০০০ বছরেরও বেশি সময়জুড়ে বিস্তৃত বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাসের অনুসন্ধানে সবাইকে এই অনন্য যাত্রায় অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হলো।
