নিয়োগবিধি সংশোধন, বেতনবৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদাসহ ছয় দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। গতকাল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা অবস্থান করেন। আজ বুধবার সকাল থেকে আবার তাদের অবস্থান নেওয়ার কথা রয়েছে। এর আগে গত ২৯ নভেম্বর থেকে তারা কর্মবিরতি দিয়ে তিন দিন শহীদ মিনারে অবস্থান করেন।
এতে সারা দেশে ১ লাখ ২০ হাজার আউটরিচ ইপিআই টিকা কেন্দ্রে সেবা বন্ধ রয়েছে। টিকা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন মা ও শিশুরা।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সদস্য সচিব ফজলুল হক চৌধুরী বলেন, ‘আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না।’ তাদের ছয় দাবির মধ্যে রয়েছে নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমানের যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান; ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের ১১তম গ্রেডসহ টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া; পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা; সব স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা; বেতন স্কেল পুনর্নির্ধারণের সময় প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল সংযুক্ত করা ও ইতিমধ্যে ইন-সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) কোর্স সম্পন্নকারীদের সমমান হিসেবে স্বীকৃতি দেওয়া।
টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি আজ : দশম গ্রেড বাস্তবায়নে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা আজ বুধবার সারা দেশে অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন। একই দাবিতে আগামীকাল কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করার কথা রয়েছে। এর আগে গত ৩০ নভেম্বর সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত তারা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন। ওইদিন রোগীরা চরম দুর্ভোগে পড়েন। আজ অর্ধদিবস এবং আগামীকাল কমপ্লিট শাটডাউনে রোগীদের মারাত্মক দুর্ভোগে পড়ার আশঙ্কা রয়েছে।
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়কারী মো. মজিবুর রহমান বলেন, ‘আমরা এর আগে কখনোই কর্মবিরতিতে যাইনি। এবারই যেতে বাধ্য হয়েছি। সাময়িক অসুবিধার জন্য আগে থেকেই আমরা দুঃখ প্রকাশ করছি।’
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (পিজি হাসপাতাল), স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), ন্যাশন্যাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় বার্ন ইনস্টিটিউট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিউট ও হাসপাতাল, জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউ, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, ঢাকা রেলওয়ে জেনারেল হাসপাতাল, মহানগর জেনারেল হাসপাতাল, ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালসহ ঢাকার সব সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটে কর্মবিরতি পালন করা হবে। দাবি পূরণ না হলে সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আগামীকাল কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হবে।
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়ক মো. মজিবুর রহমান বলেন, ‘কমপ্লিট শাটডাউন শেষে আমরা বৈঠক করে পরের কর্মসূচি জানাব।’
