উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মধ্যবর্তী রুটে ওভারহেড ক্যাটেনারি ক্যাবলে (বিদ্যুৎ সরবরাহকারী তার) একটি কাপড় পড়ে যায়। এ কারণে আজ বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে প্রায় ২০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
বেলা ১২টা ২২ মিনিটে এ ঘটনা ঘটলে নিরাপত্তার খাতিরে ট্রেন চলাচল স্থগিত করা হয়। দ্রুত কাপড়টি অপসারণ করে ১২টা ৪২ মিনিটের দিকে পুনরায় ট্রেন চলাচল শুরু করা হয়।
এতে যাত্রীদের সাময়িকভাবে অসুবিধার সৃষ্টি হয়। এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।
