চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের নেতা গ্রেপ্তার

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১০ পিএম

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলার আসামি প্রদীপ কুমার চৌধুরী (৫৭) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গতকাল মঙ্গলবার নগরের রহমতগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

প্রদীপ কুমার চৌধুরী সাতকানিয়ার চরতী ইউনিয়নের দুরদুরী এলাকার মৃত সুকেন্দু বিকাশ চৌধুরীর ছেলে। তিনি বর্তমানে নগরের পূর্ব নাসিরাবাদ এলাকায় বসবাস করেন।

পুলিশ বলছে, প্রদীপ কুমার নগরের নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলায় প্রত্যক্ষভাবে অংশ নিয়েছিলেন। ওই ঘটনায় কোতোয়ালি থানায় তার নামে মামলা রয়েছে। তিনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। 

তিনি আরো বলেন, প্রদীপ কুমার ২০২৪ সালে নগরের নিউমার্কেট সংলগ্ন তামাকুমন্ডী লেন সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলায় অংশ নেন। গত বছরের নভেম্বরে থানায় এ ঘটনা নিয়ে মামলা হয়। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, প্রদীপ তামাকুমন্ডি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলায় অংশ নিয়েছিল। তাকে তিন থেকে ৪টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত