এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, মানুষ যার ইচ্ছা তাকে ভোট দেবে, যেই দল ভালো লাগে সেই দলই বেছে নেবে, এটাই গণতন্ত্র। আমার শুধু চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি। চাঁদাবাজি, ধান্দাবাজি, লুটপাট, এসব আমার লক্ষ্য নয়। মানুষের হৃদয়ে জায়গা নিতে এসেছি।
বুধবার (৩ ডিসেম্বর) বিকালে দেবিদ্বারের সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে জনসংযোগে অংশ নিয়ে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, আমি ভোট চাইতে আসিনি। ভোট চাওয়ার মতো সামর্থ্য আমার নেই। ভোট চাইতে হলে অনেক কিছু লাগে, সেগুলো আমার নেই। আমি এক মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমার বাবা একজন রাজমিস্ত্রি। মানুষের সেবা করতেই রাজনীতিতে এসেছি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি পরিবর্তনের স্লোগান নিয়ে মাঠে নেমেছি। চব্বিশের গণঅভ্যুত্থানের পর মানুষের মনে পরিবর্তনের আকাঙ্ক্ষা আরও জোরালো হয়েছে। দেশের সব সেক্টরে আমূল পরিবর্তনের সুযোগ এসেছে। এখন ভোটের মাধ্যমে সেই সুযোগ কাজে লাগাতে হবে।
এর আগে মঙ্গলবার ভানী ও সুলতানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পদযাত্রায় অংশ নিয়ে স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানান তিনি। তার এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। জনসংযোগকালে স্থানীয় এনসিপি নেতা-কর্মীরা তার সঙ্গে ছিলেন।
