চলতি বছর ‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে ভীষণ শোরগোল ফেলে দেন বলিউডের তরুণ অভিনেতা-অভিনেত্রী আহান পাণ্ডে ও অনীত পাড্ডা। অ্যাকশন সিনেমার ভিড়ে চলতি বছরে রোমান্টিক সিনেমা ‘সাইয়ারা’ দিয়ে বক্স অফিসে বাজিমাত করেন তারা। দর্শকমহলেও দর্শকদের প্রিয় হয়ে ওঠেন এই জুটি। শুধু তাই নয়, ২০২৫ সালের আইএমডিবির সবচেয়ে জনপ্রিয় ভারতীয় তারকাদের তালিকায় শীর্ষ দুই স্থানে ওঠে এসেছেন আহান ও অনীত। এই র্যাংকিং নির্ধারিত হয়েছে বিশ্বব্যাপী প্রতি মাসে ২৫ কোটি দর্শকের পৃষ্ঠাপ্রদর্শনের ওপর ভিত্তি করে।
সিনেমাটির পরিচালক মোহিত সুরির জন্যও খবরটি বিশেষ। তিনি আইএমডিবির জরিপে সবচেয়ে জনপ্রিয় ভারতীয় পরিচালকের তালিকায় শীর্ষে আছেন। এর আগে আহান ও অনীত আগস্ট মাসে আইএমডিবির ‘ব্রেকআউট স্টার’ পুরস্কার পেয়েছিলেন। এটি নতুন প্রতিভার প্রমাণ হিসেবে বিবেচিত হয়। ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকা হওয়ার খবরে আহান পাণ্ডে বলেন, ‘প্রথম সিনেমা দিয়ে আইএমডিবির সবচেয়ে জনপ্রিয় ভারতীয় তারকাদের তালিকায় শীর্ষে থাকা এক স্বপ্নের মতো। এটি আমাকে আমার কাজের প্রতি আরও দায়িত্বশীল করে তুলবে। ভবিষ্যতে আরাও ভালো কাজে উৎসাহ জোগাবে।’
তিনি পরিচালক সুরি, যশ রাজ ফিল্মসের প্রধান আদিত্য চোপড়া, কাস্টিং পরিচালক শনু শর্মা এবং প্রযোজক অক্ষয়ে বিধানিকে ধন্যবাদ জানান। অন্যদিকে অনীত পাড্ডা বলেন, ‘সাইয়ারা’ আমার জীবনকে এমনভাবে পরিবর্তন করেছে যা আমি উপলব্ধি করতে শুরু করেছি। দেশের এবং আমার ভাষার বাইরে মানুষ আমার কাজের সঙ্গে সংযুক্ত হয়েছে এই ছবি দিয়ে। এটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এ তালিকায় প্রথম স্থানে রয়েছেন আহান পাণ্ডে এবং দ্বিতীয় অনীত পাড্ডা। শীর্ষ ১০ তারকার মধ্যে আরও রয়েছেন আমির খান (৩), ইশান খট্টর (৪), লক্ষ্যা (৫), রাশমিকা মান্দানা (৬), কল্পনা প্রিয়দর্শন (৭), তৃপ্তি দিমরি (৮), রুক্ষ্মি নী বাসান্ত (৯) এবং ঋষভ শেঠি (১০)।
