জিরোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ড্র বার্সেলোনাকে সাময়িক স্বস্তি দিয়েছিল ঠিকই, তবে পরের প্রতিপক্ষ ছিল শক্তিশালী আতলেতিকো মাদ্রিদ। সেই শঙ্কা উড়িয়ে দিয়ে ক্যাম্প ন্যুতে দুর্দান্ত ফুটবল উপহার দিল কাতালান ক্লাবটি। শুরুতে পিছিয়ে পড়েও হান্সি ফ্লিকের দল ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলে জয়ে শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে। এই ম্যাচের ফল শিরোপা নির্ধারণ করে দিতে পারে বলে মনে করছেন বার্সা তারকা রাফিনিয়া।
ন্যু ক্যাম্পে ম্যাচের শুরু থেকেই বার্সেলোনা দাপট দেখাতে থাকে। কিন্তু ১৯ মিনিটে নাহুয়েল মোলিনার লম্বা পাস থেকে অফসাইড ফাঁদ এড়িয়ে এগিয়ে যান অ্যালেক্স বায়েনা। দুর্দান্ত ফিনিশিংয়ে তিনি আতলেতিকোকে এগিয়ে দেন যা প্রথমে অফসাইড ধরা হলেও ভিএআরের সিদ্ধান্তে গোল হিসেবে গণ্য হয়।
তবে বার্সা ফিরতে সময় নেয়নি। ২৬ মিনিটে পেদ্রির দুর্দান্ত থ্রু বল ধরে গোলরক্ষককে পাশ কাটিয়ে সমতায় ফেরান রাফিনহা। দুই মাসের ইনজুরি-ছুটির পর তার এমন প্রত্যাবর্তন যেন দলকে নতুন উদ্দীপনা দেয়।
৩৬তম মিনিটে লেভানডফস্কির পেনাল্টি গোলে রূপ নিলে প্রথমার্ধেই এগিয়ে যেতে পারত বার্সা। তবে তার শট দুর্ভাগ্যজনকভাবে ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে যায়। প্রথমার্ধে ৭১ শতাংশ পজেশন আর একের পর এক আক্রমণেও আর গোল পায়নি ফ্লিকের দল।
বিরতির পরও একই ধারায় আক্রমণ চালায় বার্সা। ৬৫ মিনিটে অবশেষে মিলল কাক্সিক্ষত লিড। বক্সের বাইরে লেভার সঙ্গে চমৎকার ওয়ান-টু করে দানি ওলমো বাঁ পায়ের শটে বল জালে পাঠান। শেষ দিকে আতলেতিকোর কয়েকটি সুযোগ এলেও কাজে লাগাতে পারেননি আলমাদা ও গ্রিজমান। যোগ করা সময়ের সপ্তম মিনিটে আলেহান্দ্রো বাল্দের পাস থেকে গোল করে ৩-১ ব্যবধানে জয়ের সিলমোহর দেন ফেরান তোরেস। লা লিগায় এ মৌসুমে পিছিয়ে পড়ে সবচেয়ে বেশি ৫ বার জিতেছে বার্সেলোনা অন্য কোনো দল দুবারের বেশি তা পারেনি। হারের পর টানা ১৩ ম্যাচ অপরাজিত আতলেতিকো এবার বার্সার সামনে হার মানল।
ম্যাচ শেষে কোচ ফ্লিক বলেন, ‘এটা মৌসুমের মোড় ঘুরিয়ে দেওয়া ম্যাচ কি না পরে বোঝা যাবে। তবে আমাদের অন্যতম সেরা পারফরম্যান্স ছিল এটি। আমরা আবার নিজেদের ছন্দে ফিরছি।’
রাফিনিয়ার ভাষায়, ‘এ ধরনের ম্যাচ ঘুরিয়ে দিতে হলে আমাদের এই মানসিকতা বজায় রাখতে হবে। মৌসুমের শেষ দিকে এই তিন পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ হতে পারে শিরোপা নির্ধারণও করে দিতে পারে।’
১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল বার্সা। রিয়াল মাদ্রিদ এক ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্টে আছে দুইয়ে। ভিয়ারিয়াল ৩২ পয়েন্ট নিয়ে তিনে, আর আতলেতিকো ৩১ পয়েন্ট নিয়ে চারে।
