বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থায় বড় কোনো পরিবর্তন আসেনি।
নির্ধারিত সূচি অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্স সঠিক সময়ে পৌঁছাতে পারলে আজ শুক্রবার (৫ ডিসেম্বর) যেকোনো মুহূর্তে তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি রয়েছে।
তার পরিস্থিতি জানতে বৃহস্পতিবার গভীর রাতেও এভারকেয়ার হাসপাতালের সামনে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়।
বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ সাধারণ মানুষ শীতের মধ্যে দাঁড়িয়ে থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে খবর নেন। সবারই একটাই প্রত্যাশা-চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে দেশে ফিরবেন। শুক্রবার সকালেও সেখানে মানুষের ভীড় দেখা যায়।
এদিকে খালেদা জিয়ার বিদেশযাত্রার প্রস্তুতির অংশ হিসেবে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার পথে রওনা দিয়েছেন।
যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর তার ফ্লাইট ছেড়ে আসে। নির্ধারিত সময় অনুযায়ী আজ সকাল সাড়ে নয়টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা।
জোবাইদা রহমান ঢাকায় পৌঁছানোর পর খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রক্রিয়া দ্রুততর করতে হাসপাতাল এলাকা ও আশপাশে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে।
