ফরিদপুরে ধ্বসে পড়ল দুইতলা ভবন, স্থানীয়দের মধ্যে আতঙ্ক

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৯ পিএম

ফরিদপুর শহরের বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত নিলটুলীতে একটি দোতলা ভবনের সামনের অংশ ধ্বসে গেছে। আজ শুক্রবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। ভবন ধ্বসের ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। আশপাশের অনেকেই অন্যান্য ভবন থেকে সরে যেতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, নিলটুলীতে অবস্থিত দোতলা একটি ভবনে বেস্ট বাই নামের একটি শো-রুম রয়েছে। এই শো-রুমটির পাশেই সঞ্চয় সাহা নামের এক ব্যক্তি নতুন ভবন তৈরির জন্য কয়েকদিন আগে মাটি কেটে পাইলিংয়ের কাজ করছিলেন। শুক্রবার সকালে শো-রুমের বিক্রয় প্রতিনিধিরা আসার পর হঠাৎ বিকট শব্দ করে ভবনের একটি অংশে ফাটলের দেখা দেয়। কয়েক মিনিট পর ভবনের সামনের অংশ ধ্বসে পড়ে। এ সময় ভবনে থাকা লোকজন ভবনটি ছেড়ে নেমে রাস্তায় আসেন। আধাঘণ্টা পর দোতলা ভবনটির সামনের পুরো অংশটিই ধ্বসে যায়। বর্তমানে পুরো ভবনটি ঝুঁকির মধ্যে রয়েছে। যে কোনও সময় পুরো ভবনটি ধ্বসে যেতে পারে। এ ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ভবনটিতে থাকা লোকজনকে সরিয়ে দিয়েছে।

ধ্বসে পড়া ভবনের মালিক মনিরা আহসান অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী একটি নতুন ভবন তৈরির সময় ভবনের মালিক সঞ্জয় সাহাকে বার বার নিরাপত্তা ব্যবস্থা করার কথা বলা হলেও তিনি তা শোনেননি। যে কারণে এত বড় একটি দুর্ঘটনা ঘটল। বর্তমানে ভবনটি ভেঙে পড়ার কারণে মালামালসহ প্রায় ৫ থেকে ৬ কোটি টাকার ক্ষতি হয়েছে।

এদিকে, নির্মাণাধীন ভবনের মালিক সঞ্জয় সাহার মোবাইলে বার বার যোগাযোগ করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

কোতয়ালী থানার এসআই মো. মাসুদ বলেন, ঘটনা ঘটার পর পরই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনকে সরিয়ে দেওয়া হয়। তবে এ ঘটনায় কোনও প্রাণহানীর ঘটনা ঘটেনি। বর্তমানে ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুভাষ বারোই বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ভবন ধসের পরিস্থিতি পর্যবেক্ষণ করি। তবে হতাহতের কোনও ঘটনা না থাকায় পরিবেশ পরিস্থিতি দেখে আরএফএল বেস্ট বাই শোরুমের কর্মকর্তাদের তাদের মালামালের দায়িত্ব বুঝিয়ে চলে চলে আসি। বর্তমানে সবকিছু স্বাভাবিক থাকলেও ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত