বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘যদি নির্বাচনের তফসিল বিলম্বিত হয়, তাহলে দেশের গণতন্ত্র দূর আকাশের তারা হয়ে যাবে।’ গতকাল শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দূরে থেকেও দেশের মানুষের কাছে রয়েছেন এবং তিনি যখন মনে করবেন, তখনই দেশে ফিরবেন।’
তিনি অভিযোগ করেন, এত গুম-খুন, বিচারবহির্ভূত হত্যাকা- সহ্য করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে নির্বাচন, সেটি প্রলম্বিত হলে গণতন্ত্রের বিকাশ ব্যাহত হবে।
এর আগে সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে টঙ্গীর কিশোর তাসফিন ফেরদৌসকে দেখতে গিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ডাক্তারদের প্রশংসা করে রিজভী বলেন, ‘বাংলাদেশের চিকিৎসকরা যে দক্ষতা ও আন্তরিকতা নিয়ে কাজ করেন, তার এক উজ্জ্বল উদাহরণ হলো টঙ্গীর কিশোর তাসফিনের হাত পুনঃসংযোজন, যা এক বিরল সাফল্য। আমরা আজকের এই ইনস্টিটিউট পরিদর্শনের উদ্দেশ্য একটি ব্যতিক্রমধর্মী চিকিৎসা সাফল্য প্রত্যক্ষ করা। একটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হাত ২১ ঘণ্টার জটিল অপারেশনের মাধ্যমে সফলভাবে জোড়া লাগানো, যা সাধারণত অত্যন্ত কঠিন ও বিরল ঘটনা।’
তিনি আরও বলেন, ‘টঙ্গীর তাসফিন ফেরদৌস নামের এক কিশোর সন্ত্রাসীদের হামলায় হাত হারায়। আমাদের চিকিৎসকদের দক্ষতায় ২১ ঘণ্টার দীর্ঘ ও জটিল অপারেশনে তার সেই বিচ্ছিন্ন হাতটি আবার সংযুক্ত করা হয়েছে। এখন সে হাত নাড়াতে পারছে, আঙুল নাড়াতে পারছে এটি সত্যিই বিস্ময়কর একটি অর্জন।’
রিজভী আরও বলেন, ‘আমাদের চিকিৎসকরা যদি যথাযথ পৃষ্ঠপোষকতা পান, তবে প্রতিবছর হাজার হাজার মানুষকে বিদেশে চিকিৎসার জন্য যেতে হবে না। মেধা, মনন ও দক্ষতায় বাংলাদেশের চিকিৎসকরা অসাধারণ। আজ সেই সক্ষমতার বাস্তব প্রমাণ আমরা এখানে দেখলাম।’
এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন, অ্যাকাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর ডা. ফোয়ারা তাসমিম, সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শরিফুল ইসলাম শরীফ (অপারেশনের নেতৃত্বদানকারী), স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ অন্যরা।
