বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ১৭ বছর পর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন কোনোভাবেই ঝুঁকিতে ফেলা যাবে না। এটিকে বিতর্কিত করার সুযোগ দেওয়া যাবে না। তিনি বলেন, নির্বাচন গ্রহণযোগ্য করতে সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও জনগণকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
গতকাল শনিবার রাজধানীর পুরানা পল্টনে দলটির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশনের আরপিও সংশোধনী নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এতে নির্বাচনে টাকার প্রভাব বাড়বে। আগামী সংসদে বিত্তশালী ও ব্যবসায়ী গোষ্ঠীর আধিপত্য বৃদ্ধি পাবে।
যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মধ্যে আসন সমঝোতাকেন্দ্রিক অনাস্থা-অবিশ্বাস প্রসঙ্গে তিনি বলেন, এই অবিশ্বাস আর বাড়তে দেওয়া যাবে না। রাষ্ট্র, প্রশাসন ও সংবিধানের গণতান্ত্রিক রূপান্তর না হওয়া পর্যন্ত রাজনৈতিক ঐক্য ধরে রাখা জরুরি।
সাইফুল হক জানান, জুলাই সনদের অন্যতম স্বাক্ষরকারী দল হিসেবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের দিন অনুষ্ঠেয় গণভোটে ‘হাঁ’ ভোট দেবে এবং দেশবাসীকেও ‘হাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, গণভোটের প্রশ্ন কাঠামো নিয়ে আপত্তি থাকলেও গণঅভ্যুত্থানের অর্জন রক্ষায় ‘হাঁ’-ই যথোপযুক্ত জবাব। তবে একটি মাত্র উত্তরের বিধান রাখায় ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
দলটির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান বলেন, ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে এখনো বহু ঝুঁকি রয়ে গেছে। নির্বাচন নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশে সম্পন্ন করতে সরকারকে সবপক্ষকে আস্থায় নেওয়ার আহ্বান জানান তিনি। রাজনৈতিক প্রতিযোগিতা থাকলেও তা যেন সহিংসতার দিকে না যায় এ ব্যাপারেও সতর্ক করেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য রাশিদা বেগম, সাইফুল ইসলাম, সিকদার হারুন মাহমুদ এবং কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী। সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে ঢাকার কয়েকটি সড়কে প্রদক্ষিণ করে।
