ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন করছেন। আজ রবিবার (৭ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ২ লাখ ২৪ হাজার ৮২২ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
তথ্য অনুযায়ী, নিবন্ধনকৃতদের মধ্যে ২ লাখ ৪ হাজার ৬৬১ জন পুরুষ এবং ২০ হাজার ১৬১ জন নারী ভোটার রয়েছেন। দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে শীর্ষে রয়েছে সৌদি আরব, যেখানে ৫২ হাজার ৪৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রে ১৯ হাজার ৬২৩ জন, কাতারে ১৩ হাজার ১৭৪ জন, সংযুক্ত আরব আমিরাতে ১২ হাজার ৫৭৯ জন, মালয়েশিয়ায় ১২ হাজার ৩৫৩ জন, সিঙ্গাপুরে ১২ হাজার ২১৮ জন, যুক্তরাজ্যে ১১ হাজার ২০৩ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৫১৪ জন এবং কানাডায় ৯ হাজার ২৬৯ জন প্রবাসী ভোটার নিবন্ধিত হয়েছেন।
ইসির এক বার্তায় বলা হয়েছে, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকায় না থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররাও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটার নিবন্ধন করতে পারবেন। প্রক্রিয়া চলবে নির্বাচনি তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত।
আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, প্রবাসী ভোটাররা নিবন্ধনের সময় অবশ্যই সঠিক ঠিকানা দিতে হবে। প্রয়োজনে কর্মস্থল বা পরিচিতজনের ঠিকানা ব্যবহার করা যেতে পারে। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা ছাড়া পোস্টাল ব্যালট প্রেরণ করা সম্ভব হবে না।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ‘নিবন্ধনের সময়সীমা ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। বিশ্বের যে কোনো জায়গা থেকে প্রবাসী ভোটার এই অ্যাপ ডাউনলোড করে ভোটার নিবন্ধন করতে পারবেন।’
এটি ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের উদ্যোগ। প্রবাসী ভোটারদের জন্য ১৪৮টি দেশকে লক্ষ্য করে ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন।
নিবন্ধনের জন্য প্রবাসী ভোটারদের অবশ্যই যে দেশ থেকে ভোট দেবেন সেই দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। প্রথমে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করতে হবে।
দলের পরাজয়েও মোস্তাফিজের দুর্দান্ত বোলিং