জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বড় বড় রাজনৈতিক দলের কার্যক্রম জনগণ দেখেছে। এবার এনসিপিকে একবার সুযোগ দিতে হবে। তিনি বলেন, আমরা প্রতিশ্রুতি রাখতে না পারলে আমাদেরও ছুড়ে ফেলে দেবেন। শাপলা কলি একবার নিজ দায়িত্বে ঘরে ঘরে পৌঁছে দেন।
রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে দেবিদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পদযাত্রা ও গণসংযোগে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, এনসিপি কোনো গুণ্ডানির্ভর রাজনৈতিক দল নয়। গুণ্ডামি করে মানুষের ভোটাধিকার হরণ করব না। মানুষের ভালোবাসা অর্জন করতেই রাজনীতিতে নেমেছি। জনগণের প্রত্যাশার বাংলাদেশ গড়তে চাই।
তিনি বলেন, তাদের সংগঠন নতুন হলেও সামনে তা শক্তিশালী রাজনৈতিক শক্তি হয়ে উঠবে। ইনশাআল্লাহ এনসিপির নেতৃত্বে একদিন সরকার গঠন হবে। দেবিদ্বার থেকে মন্ত্রিত্বও আসবে।
নতুন দল হিসেবে জনগণের সহযোগিতা ও পরিচর্যাই বেশি প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, আমরা মাত্র নয় মাসে দল দাঁড় করিয়েছি। এই সময়ের মধ্যে বাংলাদেশে অনেক ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করেছি। একই দিনে ইউনিয়নের বিভিন্ন গ্রামে অন্তত ১০টিরও বেশি পথসভা এবং গণসংযোগ করেন হাসনাত আবদুল্লাহ। গণসংযোগকালে স্থানীয় নারী-পুরুষ তাকে আপ্যায়ন করেন। কেউ কেউ নির্বাচনী খরচের জন্য টাকাও দেন। পথসভার প্রতিটি স্থানে স্থানীয় এনসিপি এবং অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
