ওটিটিতেও মুগ্ধতা ছড়াচ্ছেন মন্দিরা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ এএম

দেশীয় চলচ্চিত্রের এই প্রজন্মের দর্শকপ্রিয় নায়িকা মন্দিরা চক্রবর্তী। এখন পর্যন্ত তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। একটি গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজল রেখা’ অন্যটি মিঠু খানের ‘নীলচক্র’। এর মধ্যে চলতি বছরের শুরুর দিকে মুক্তি পাওয়া দ্বিতীয় সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহগুলোতে বেশ সাড়া ফেলে। বিশেষ করে রাজধানীর সিনেপ্লেক্সগুলোতে দর্শক প্রবল আগ্রহ নিয়ে উপভোগ করেন ছবিটি। তবে সেই সময়টাতে দর্শক আরও কিছুদিন ‘নীলচক্র’ হলে প্রদর্শনের কথাও বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নিয়মের ধারাবাহিকতায় হলে আর প্রদর্শিত হয়নি।

যারা হলে গিয়ে মন্দিরা অভিনীত ‘নীলচক্র’ উপভোগ করতে পারেননি তাদের জন্য ‘নীলচক্র’ উপভোগ করার সুযোগ সৃষ্টি করে দিয়েছে ওটিটি প্ল্যাটফরম ‘আইস্ক্রিন’। কিছুদিন আগেই মন্দিরা অভিনীত দ্বিতীয় এই সিনেমাটি ‘আইস্ক্রিন’-এ প্রকাশিত হয়েছে। মন্দিরার ভক্ত-দর্শক এখন তার অভিনীত ‘নীলচক্র’ সিনেমাটি এই প্ল্যাটফর্মে উপভোগ করছেন। সিনেমাটিতে তার অভিনয়ে মুগ্ধ হচ্ছেন দর্শক-ভক্তরা।

মন্দিরা বলেন, ‘সত্যি বলতে কি নীলচক্র সিনেমাটি যখন মুক্তি পায় তখন অনেকেই হলে গিয়ে সিনেমাটি দেখতে পারেননি নানান ব্যস্ততার কারণে। আমারও ভীষণ খারাপ লেগেছিল কারণ আমার অনেক কাছের মানুষই সিনেমাটি দেখতে পারেননি। তাদের জন্যই পরে আইস্ক্রিন এই সুযোগ করে দিয়েছে। এখন প্রতিনিয়ত কেউ না কেউ নীলচক্র উপভোগ করছেন, তাদের কাছ থেকে বেশ ভালো রেসপন্স পাচ্ছি। নিজের কাজের প্রতি আরও ভালোলাগা বাড়ছে। আগামীতে নতুন সিনেমাতে কাজ করার ব্যাপারে নানান দিকে আরও সচেতনতা বাড়বে।’

‘নীলচক্র’-তে মন্দিরার অভিনয়ে মুগ্ধ অনেক দর্শকই এখন অপেক্ষায় করছেন তার নতুন সিনেমার। কিন্তু আপাতত মন্দিরার নতুন সিনেমাতে অভিনয়ের কোনো আপডেট নেই। যদি থাকে তাহলে তিনি সময়মতো তার ভক্ত-দর্শককে জানিয়ে দেবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত