রোজা ও পূজাকে মুদ্রার ‘এপিঠ-ওপিঠ’ মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়েছে। গতকাল রবিবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ মামলাটি করেন ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সদস্য রিদওয়ান হোসেন রবিন। মামলার আবেদনে ‘ডিএসএন’ নামে একটি ইউটিউব চ্যানেলকেও বিবাদী করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তসাপেক্ষে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়। অ্যাডভোকেট শিশির মনির ত্রয়োদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী।
মামলার অভিযোগে বলা হয়েছে, ‘দেশের মোট জনসংখ্যার প্রায় ৯১ শতাংশ মুসলমান। ইসলাম ধর্মে বিশ্বাসী জনগণের কাছে ধর্ম এবং ধর্মীয় রীতিনীতি একটি স্পর্শকাতর বিষয়। মুসলমানদের বিশ্বাস, আল্লাহর কোনো আকার নেই। সেই নিরাকার আল্লাহর সন্তুষ্টির জন্য তারা রোজা রাখেন। যার পুরস্কার আল্লাহ নিজের হাতে দেবেন। আর সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীরা তাদের দেবদেবীর আকৃতি প্রদান করে তাদের পূজা করেন। সুতরাং রোজাকে পূজার সঙ্গে কখনই একত্রে উদাহরণ হিসেবে ব্যবহার করাকে মুসলিম ধর্মাবলম্বীরা গ্রহণ করবেন না। বরং এমন উদাহরণ বিশৃঙ্খলা ও উদ্বেগের জন্ম দেবে।’ অভিযোগে বলা হয়, ‘শিশির মনির ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক ফায়দা লাভের চেষ্টায় রোজা ও পূজাকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ হিসেবে মন্তব্য করেন, যা দেশের মুসলিম জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার পাশাপাশি ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে।’
এদিকে মামলার পরিপ্রেক্ষিতে গতকাল রাতে বিবৃতি দিয়েছেন আইনজীবী শিশির মনির। এতে তিনি বলেন, আজ (গতকাল) আমার নামে একটি মামলা হয়েছে। মামলার বাদী ও সাক্ষীরা ঢাকা আইনজীবী সমিতির সদস্য। প্রাথমিক তথ্য অনুযায়ী তারা সকলেই একটি রাজনৈতিক দলের কর্মী। তিনি বলেন, ‘আইনের আশ্রয়লাভের সুযোগ সকলেরই আছে। মামলার বিষয়বস্তু পড়ে মনে হয়েছে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্যই আমার আইনজীবী বন্ধুগণ অতি উৎসাহী হয়ে এই কাজ করেছেন।’ শিশির মনির বলেন, ‘আমরা আইনের শাসনে বিশ^াসী। আইন তার নিজস্ব গতিতে চলবে। এ বিষয়ে উপযুক্ত আদালতে যথসময়ে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব।’
