ভারতের মহারাষ্ট্রের নাসিকে একটি যাত্রীবাহী গাড়ি ৬০০ ফুট গভীর খাদে পড়ে ৬ জন নিহত হয়েছেন। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে কালওয়ান তালুকের সপ্তশ্রিং গড়ের পাহিাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।
এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, মহারাষ্ট্রের নাসিকে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই ঘটনাকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে অভিহিত করেছেন। একইসঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ৫ লাখ রুপি আর্থিক সহায়তা দেয়ায় ঘোষণা দিয়েছেন।
মুখ্যমন্ত্রী বলেন, সরকার নিহতদের পরিবারের পাশে আছে। এছাড়া ঘটনাস্থলে পূর্ণ প্রশাসনিক সহায়তা নিয়ে উদ্ধার কাজ চলছে।
