কাঠের সিঁড়ি বেয়ে পার হওয়া সেই কোটি টাকার সেতুর দুপাশের সংযোগ (অ্যাপ্রোস) সড়কের কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এক কোটি টাকার বেশি ব্যয়ে নির্মাণ করা সেতুর দুপাশে মাটি ভরাট না করেই চলে গিয়েছিল ঠিকাদার। ফলে স্থানীয়রা নিরুপায় হয়ে কাঠের তৈরি সিঁড়ি বানিয়ে তা ব্যবহার করে ঝুঁকি নিয়ে পারাপার হতেন ওই সেতুটি।
স্থানীয়দের এমন ঝুঁকিপূর্ণ চলাচল আর দুর্ভোগ নিয়ে গত ৭ ডিসেম্বর দেশ রূপান্তরে ‘কাঠের সিঁড়ি বেয়ে উঠতে হয় কোটি টাকার সেতুতে’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে পরের দিন থেকেই সেতুর সংযোগ সড়কের কাজে হাতে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। এর আগে প্রায় এক বছর স্থানীয় বাসিন্দারা এ সেতু পার হতেন ঝুঁকি নিয়ে কাঠের সিঁড়ি ব্যবহার করে।
শ্রীপুর উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক হোসাইন উজ্জল বলেন, ‘সেতুর দুপাশে সংযোগস্থল (অ্যাপ্রোস) স্থাপনের কাজ শুরু হয়েছে। মাটি ঠিকমতো বসে গেলে ইটের সলিংয়ের কাজে হাত দেওয়া হবে।’
