জামায়াত ধর্মকে হাতিয়ার বানিয়ে রাজনীতি করে না

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ব্যক্তি বা দলের জন্য নয়, জামায়াত জনগণের রাজনীতি করে। জামায়াত ধর্মকে হাতিয়ার বানিয়ে রাজনীতি করে না এবং ধর্ম নিয়ে ব্যবসা করাও দলের নীতি নয়। নির্বাচনের সময় এলে যারা তসবিহ নিয়ে ঘুরে তারাই ধর্মকে ব্যবহার করেন। ধর্ম নিয়ে ব্যবসা করে।’ গতকাল সোমবার দুপুরে ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন দূতাবাসে আট দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচন এবং দলীয় অবস্থান নিয়ে মতামত তুলে ধরতে গিয়ে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, ‘বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। ইইউ প্রতিনিধিরা জানতে চেয়েছেন নির্বাচনে আমাদের প্রস্তুতি কতটুকু আর সাধারণ নির্বাচন এবং গণভোট যদি একই দিনে হয় তাহলে কোনো সমস্যা হবে কি না? আমরা বলেছি, আমাদের দেশের মানুষ এ বিষয়ে ততটা সচেতন নয়। তাই নির্বাচনের দিনে বিশৃঙ্খলা হতে পারে। এজন্য আমরা বলেছিলাম, দুটো নির্বাচন আলাদা হওয়া উচিত। সরকার চাইলে এখনো তা করতে পারে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে জামায়াতে ইসলামী জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়ে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘ক্ষমতায় গেলে আমরা ইনক্লুসিভ বাংলাদেশ গড়ব। আমরা কোনো দলকেই বাদ দেব না। দেশের স্বার্থ দারুণভাবে আমরা অনুভব করি, জামায়াত ক্ষমতায় গেলে অন্তত আগামী পাঁচ বছর দেশের স্থিতিশীলতা, অর্থনীতি ফিরিয়ে আনা, সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে।’

তিনি বলেন, ‘দুটি জিনিস অনুরোধ করব প্রথমত, নিজে দুর্নীতি করবেন না এমনকি বিষয়টাকে প্রশ্রয় দেবেন না। দ্বিতীয়ত, সবার জন্য সমান বিচার নিশ্চিত করা, এ বিষয়ে রাজনৈতিকভাব হস্তক্ষেপ করা যাবে না। যারা অন্তত এই দুটি বিষয়ে একমত হবেন আমরা তাদের নিয়ে সরকার গঠন করতে আগ্রহী।’

‘খালেদা জিয়ার অসুস্থতায় রাজনীতিতে কোনো সংকট দেখছেন কি না’ এমন প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, ‘সুস্থতা অসুস্থতা আল্লাহর সিদ্ধান্তের ওপর নির্ভর করে। দেশবাসী তার সুস্থতায় শ্রদ্ধা নিবেদন করে দোয়া করছে। সবাইকে বিদায় নিতে হবে। এর সঙ্গে সমাজের চাকা চলা বা অচল হওয়া উচিত নয়।’

তিনি বলেন, ‘ফেব্রুয়ারির নির্বাচন খুবই প্রয়োজন। এর সামান্য নড়চড় হলে দেশ গভীর সংকটে পড়বে।’ এ সময় দেশের স্বার্থে আগামীর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামায়াতের আমির।

এর আগে জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হারিস বিন ওসমান। এ সময় তার সঙ্গে ছিলেন হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মি. রোজাইমি আব্দুল্লাহ। বৈঠকের বিষয়ে জামায়াতের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে ২৪-এর গণবিপ্লবসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকা তুলে ধরা হয়। ভ্রাতৃপ্রতিম দুই দেশের অর্থনৈতিক উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি ভবিষ্যতে আরও জোরদার হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়। এ সময় বৈঠকে আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত