খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কমিশনারসহ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) থেকে শুরু করে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ২১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। একজনের বদলির আদেশ বাতিল করা হয়েছে। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, খুলনা মহানগর পুলিশের কমিশনার (ডিআইজি) মো. জুলফিকার আলী হায়দারকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, যিনি ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন। সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগমকে নৌপুলিশের অতিরিক্ত ডিআইজি এবং চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি ওয়াহিদুল হক চৌধুরীকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসানকে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এবং সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মু. মাসুদ রানাকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব) পদায়ন করা হয়েছে। এ ছাড়া উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়াকে অ্যান্টি টেররিজম ইউনিটে, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মো. তারেক আহম্মেদকে পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার এবং পুলিশ অধিদপ্তরের মো. আল মামুনকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার কাজী মো. আবদুর রহীমকে সিএমপির উপপুলিশ কমিশনার, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার সাখাওয়াত হোসেনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার এবং আরএমপির উপপুলিশ কমিশনার মো. মমিনুল করিমকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার করা হয়েছে। খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার কাজী মইনউদ্দিনকে ডিএমপির উপপুলিশ কমিশনার এবং এসএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। সুপারনিউমারারি পুলিশ সুপার পদে থাকা কর্মকর্তাদের মধ্যে টাঙ্গাইল পিটিসির মো. তরিকুর রহমানকে সিআইডিতে, ট্যুরিস্ট পুলিশের মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরীকে সিএমপিতে এবং এসএমপির মো. শাহরিয়ার আলমকে ডিএমপিতে বদলি করা হয়েছে। ডিএমপির মো. আব্দুল আউয়ালকে এসএমপিতে এবং চট্টগ্রাম রেঞ্জ অফিসের নাজমুন নাহারকে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। এ ছাড়া ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের এসএম তারেক রহমানকে এসবিতে এবং এসএমপির আহমাদ মাঈনুল হাসানকে রেলওয়ে পুলিশে পদায়ন করা হয়েছে। এসবির সুপার সম্রাট মোহাম্মদ আবু সুফিয়ানের এআইজি হিসেবে পুলিশ অধিদপ্তরে বদলির আদেশটি বাতিল করা হয়েছে।
