সিরাজগঞ্জের কাজীপাড়ায় বিএনপি-জামায়াতের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় জামায়াতের প্রার্থী জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলমসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। জামায়াত অভিযোগ করেছে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজার সমর্থকরা তাদের উপর হামলা করেছে।
সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের সোনামুখী বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামায়াতের ১০ নেতাকর্মী আহত হন। তাদের মধ্যে একজনকে বগুড়া, একজনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও তিনজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- ওমর ফারুক, মো. নজরুল ইসলাম ও আব্দুল আউয়াল।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ হামলার প্রতিবাদে জেলা জামায়াতের নেতাকর্মীরা সিরাজগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করছে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা জামায়াত অফিসে গিয়ে শেষ হয়। এরপর তারা সেখানে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে প্রতিবাদ সভা করেন।
ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, সোনামুখী বাজার এলাকার অদূরে একটি ইসলামী জলসায় অংশ নেন মাওলানা শাহীনুর আলম ও তার সমর্থকরা। জলসা থেকে ফেরার পথে সোনামুখী বাজার এলাকায় পৌঁছালে তার গাড়িবহরে বিএনপির নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা করে।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, বিএনপির মনোনীত এমপি প্রার্থী সেলিম রেজার নেতৃত্বে জামায়াতের প্রার্থীর উপরে তিন দফায় হামলার ঘটনা ঘটে। এতে আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে তিনি জানান।
হামলার অভিযোগ অস্বীকার করে বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজা বলেন, বিএনপির কেউ জামায়াতের প্রার্থী ও তার লোকজনের ওপর হামলা করেনি। এটি মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান বলেন, জামায়াতের প্রার্থীর ওপর হামলার কথাটি সত্য নয়। মূলত জামায়াত ও বিএনপির কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
