শরীয়তপুরে মসজিদ থেকে মরদেহ উদ্ধার

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৬:২১ পিএম

শরীয়তপুরের জাজিরায় এক মসজিদের ভেতর থেকে আব্দুল মজিদ সরদার (৭০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার চর লাউখোলা গ্রামের সরদার বাড়ি জামে মসজিদ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল মজিদ সরদার চর লাউখোলা গ্রামের মৃত রমিজ উদ্দিন সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জমিজমা নিয়ে আপন ভাই ও ভাগিনার সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল আব্দুল মজিদের। এবিষয় নিয়ে এলাকায় কয়েকবার দরবার সালিশও হয়। কিন্তু সমাধান না হওয়ায় মানসিক চাপে ছিলেন আব্দুল মজিদ। মানষিক চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ধারনা পুলিশের।

নিহতের ছেলে আব্দুর রহমান সরদার বলেন, সকালে বাবাকে ঘরে না পেয়ে আমরা খোঁজাখুঁজি শুরু করি। পরে মসজিদের মধ্যে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। বিষয়টি পুলিশকে জানালে তারা এসে বাবার মরদেহ উদ্ধার করে। আমার বাবার সঙ্গে চাচাদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আব্দুল মজিদের মরদেহ উদ্ধার করা হয়। পরে মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ময়নাতদন্ত করতে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় এখনও কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, পরিবারের ঝামেলা নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন আব্দুল মজিদ। প্রাথমিকভাবে ধারণা তিনি আত্মহত্যা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত