‘আমরা সবাই ভাই ভাই, আমাদের মাঝে বিরোধ নাই’ এমন স্লোগান দিয়ে ঠিক এক মাস আগে মারামারি না করার প্রতিজ্ঞা করেছিল ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। মৌখিক এ শান্তিচুক্তির এক মাসের মাথাতেই আবারও সংঘর্ষে জড়াল দুই কলেজের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও কলেজের বাস ভাঙচুরের ঘটনা ঘটে। এক ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সাত পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছে। একই সঙ্গে সংঘর্ষের কারণে ওখানকার সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কেও দেখা দেয় তীব্র যানজট।
জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে দুই কলেজের দুই শিক্ষার্থীর মধ্যে ঝামেলা থেকে হাতাহাতি হয়। এরপর সাড়ে ৯টার দিকে সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুর করে আইডিয়ালের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা বেরিয়ে এলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়ালের সামনে চলে যায়। সেখানে দুপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তবে কী কারণে এ সংঘর্ষ, সেটি নিশ্চিত করতে পারেনি কেউ।
ঢাকা কলেজের একাধিক শিক্ষার্থী জানায়, ল্যাবএইড হাসপাতালের পেছনে তাদের কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে আইডিয়ালের শিক্ষার্থীরা। এমন খবরে জড়ো হয়ে আইডিয়ালের সামনে ছুটে আসে তারা। তখন সংঘর্ষ বাধে।
আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা জানিয়েছে, তাদের এক ছাত্রকে মারধর করেছে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী। সেই ঘটনার সূত্রে সংঘর্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তবে আহাদ নামে ওই শিক্ষার্থীর ছবি আগের বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, যাকে মারধর করা হয়েছে বলে বলা হচ্ছে, সেই ছেলেটি বর্তমানে আইডিয়াল কলেজের শিক্ষার্থী নয়। আগে পড়ত, এখন তেজগাঁও কলেজের ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, প্রথম দিকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঢাকা কলেজের শিক্ষার্থীদের ফেরত এনে তাদের ক্যাম্পাসে প্রবেশ করিয়ে দেয়। আর ওইদিকে আইডিয়ালের শিক্ষার্থীরাও ক্যাম্পাসের ভেতরে চলে যায়। সেখানে পুলিশের অন্য টিম মোতায়েন থাকে। মাঝপথে সায়েন্সল্যাব মোড়েও মোতায়েন করা রাখা হয় পুলিশ। কিন্তু এর কিছুক্ষণ পর ঢাকা কলেজের ‘বিজয় ৭১’ ও ‘শঙ্খনীল’ নামের দুটি বাস সায়েন্সল্যাব হয়ে যাওয়ার সময় ভাঙচুর করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। বাস থেকে নেমে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ফের সংঘর্ষ ও বাসে হামলার খবর ক্যাম্পাসে জানাজানি হলে আবারও বেরিয়ে আসে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দ্বিতীয়বারের মতো সংঘর্ষে জড়ায় দুপক্ষ।
ঘটনাস্থলে দেখা যায়, আইডিয়ালের শিক্ষার্থীরা গ্রিন রোডে অবস্থান নেয়। অন্যদিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেয় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মাঝখানে পুলিশ দাঁড়িয়ে দুপক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এরই মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়। পরে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে এবং দুপক্ষকেই ছত্রভঙ্গ করে দেয়। এরপরও বিকেল পর্যন্ত ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে।
ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, সকালে কী কারণে ঘটনা শুরু হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তবে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী প্রথমে ঢাকা কলেজের একটি বাসে হামলা চালায় এমন অভিযোগের পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বাসে হামলার প্রতিক্রিয়ায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের দিকে এগিয়ে যায়। তখনই দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। ঘটনার পেছনে কোনো ‘বহিরাগত’ বা নির্দিষ্ট কোনো চক্রের সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হবে। তিনি বলেন, ‘আমরা আইডিয়াল কলেজের প্রশাসনসহ সবাইকে বলেছি, যদি কোনো ভিডিও, প্রমাণ কিংবা সূত্র থাকে, তা যেন আমাদের দেয়। এসব আমরা যাচাই করব। যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।’
