সিরাজগঞ্জে জামায়াত প্রার্থীর ওপর হামলা আহত ১২

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ এএম

সিরাজগঞ্জ-১ (কাজীপুর-সিরাজগঞ্জ সদর আংশিক) আসনের জাতীয় সংসদ সদস্য পদে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহীনুর আলমের ওপর হামলার অভিযোগ উঠেছে একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজার সমর্থকদের বিরুদ্ধে। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের সোনামুখী বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এতে জামায়াতের ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

আহতদের মধ্যে একজনকে বগুড়া, একজনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও তিনজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা জামায়াতের নেতাকর্মীরা সিরাজগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা জামায়াত অফিসে গিয়ে শেষ হয়। এরপর তারা সেখানে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে প্রতিবাদ সভা করেন।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, সোনামুখী বাজার এলাকার অদূরে একটি ইসলামি জলসায় অংশ নেন মাওলানা শাহীনুর আলম ও তার সমর্থকরা। এ জলসা থেকে রাত সাড়ে ১১টার দিকে জামায়াতের এমপিপ্রার্থী বাড়ি ফেরার পথে সোনামুখী বাজার এলাকায় পৌঁছালে তার গাড়িবহরে বিএনপির নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা করেন। এ সময় হামলাকারীদের হাত থেকে মাওলানা শাহীনুর আলমকে বাঁচাতে গিয়ে জামায়াতের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন। পরে সোনামুখী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি নজরুল ইসলাম, কর্মী ওমর ফারুক ও আবদুল আউয়ালকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, বিএনপিপ্রার্থী সেলিম রেজার নেতৃত্বে জামায়াতের প্রার্থীর ওপর তিন দফায় হামলার ঘটনা ঘটে। এতে আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

এ হামলার অভিযোগ অস্বীকার করে বিএনপিপ্রার্থী সেলিম রেজা বলেন, বিএনপির কেউ জামায়াতের প্রার্থী ও তার লোকজনের ওপর হামলা করেনি। এটি মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে।

এ বিষয়ে কাজীপুর থানার ওসি এনায়েতুর রহমান বলেন, জামায়াতের প্রার্থীর ওপর হামলার কথাটি সত্য নয়, মূলত জামায়াত ও বিএনপির কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত