চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুরমোড়ে নয়ন আলী (২৫) নামের এক যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। গত সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় তার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নয়ন আলী শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মোড়লটোলা গ্রামের আব্দুল করিমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, সন্ধ্যা ৬টার দিকে নয়ন বাবুরমোড়ে অবস্থান করার সময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসে। এখানে অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় সে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে। নিহত নয়ন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের অনুসারী। নয়নের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ‘প্রতিপক্ষের হামলায় নয়ন নামের একজন মারা গেছেন। এলাকায় আধিপত্য বিস্তার নাকি অন্যকিছুর কারণে হত্যা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সন্ত্রাসী কর্মকান্ডে যুক্ত থাকার অভিযোগে নয়নের নামে শিবগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।’
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির জানান, এ ঘটনায় বিকেল পর্যন্ত থানায় নয়নের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। মামলাও দায়ের হয়নি।
