শরীয়তপুরের জাজিরায় এক মসজিদের ভেতর থেকে আবদুল মজিদ সরদার (৭০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চর লাউখোলা গ্রামের সরদারবাড়ি জামে মসজিদ থেকে ঝুলন্ত অবস্থায় ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবদুল মজিদ চর লাউখোলা গ্রামের মৃত রমিজ উদ্দিন সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জমিজমা নিয়ে আপন ভাই ও ভাগ্নের সঙ্গে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল আবদুল মজিদের। এ বিষয় নিয়ে এলাকায় কয়েকবার দরবার-সালিশও হয়। কিন্তু সমাধান না হওয়ায় মানসিক চাপে ছিলেন। মানসিক চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক ধারণা পুলিশের।
নিহতের ছেলে আবদুর রহমান সরদার বলেন, সকালে বাবাকে ঘরে না পেয়ে আমরা খোঁজাখুঁজি শুরু করি। পরে মসজিদের মধ্যে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। বিষয়টি পুলিশকে জানালে তারা এসে বাবার মরদেহ উদ্ধার করে। আমার বাবার সঙ্গে চাচাদের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। জাজিরা থানার ওসি সালেহ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আবদুল মজিদের মরদেহ উদ্ধার করা হয়। পরে মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ময়নাতদন্ত করতে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, পরিবারের ঝামেলা নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন আবদুল মজিদ। প্রাথমিকভাবে ধারণা তিনি আত্মহত্যা করেছেন।
