চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডারে চাকরি নেওয়া চাঁপাইনবাবগঞ্জের নাচোলের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেনসহ পাঁচজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. আবদুল্লাহ আল মামুন এ আদেশ দেন। যাদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তারা হলেন কামাল হোসেনের বাবা আবুল কাশেম, মা মোছা. হাবীয়া খাতুন, চাচা মো. আহসান হাবীব ও চাচি মোসা. সানোয়ার খাতুন ওরফে মোছা. শাহানারা খাতুন।
দুদকের পক্ষে উপসহকারী পরিচালক মো. মনজুরুল ইসলাম মিন্টু পাঁচজনের বিদেশযাত্রার নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (জ্যেষ্ঠ সহকারী সচিব) মো. কামাল হোসেন মুক্তিযোদ্ধা কোটায় বিশ্ববদ্যালয়ে ভর্তি এবং চাকরি লাভসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে জন্মদাতা বাবা মো. আবুল কাশেম ও গর্ভধারিণী মা মোছা. হাবীয়া খাতুনের পরিবর্তে আপন চাচা বীর মুক্তিযোদ্ধা মো. আহসান হাবীব ও চাচি মোসা. সানোয়ারা খাতুনকে বাবা-মা সাজান। এর মাধ্যমে তিনি মহান মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে চরম প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে মুক্তিযোদ্ধার সন্তানের কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি নেন। আবেদনে বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আসামি কামালসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালাতে পারেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি কামালসহ তার স্বার্থসংশ্লিষ্ট পাঁচজনের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
