রাঙ্গামাটিতে দেবপ্রিয় ভট্টাচার্য

ভীতিমুক্ত ভোটার প্রভাবমুক্ত প্রশাসন এখনো চোখে পড়েনি

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ এএম

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, নির্বাচনের জন্য ভীতিমুক্ত ভোটার, প্রভাবমুক্ত প্রশাসন এবং শক্ত আইনশৃঙ্খলা বাহিনী এখনো আমাদের চোখে পড়েনি। সেই দৃশ্যমান চিহ্ন আনার জন্য আগামী কয়েক সপ্তাহ সরকার, নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের যথাযথ ভূমিকা পালন করবে; আমরা এটা আশা করি।

গতকাল বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটি শহরের বড়াদম এলাকার একটি রিসোর্টে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক-নির্বাচনী উদ্যোগে আঞ্চলিক পরামর্শ সভায় তিনি এ কথা বলেন।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘রাঙ্গামাটি দেশের একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে অনেক সমস্যা রয়েছে, যেগুলো সবার সঙ্গে আলোচনা করে এবং কৃষ্টি-কালচারের প্রতি সম্মান রেখে নীতি নির্ধারণ করতে হবে। পাহাড়কে নিয়ে যে ভূরাজনৈতিক রাজনীতি চলছে, সেই সমস্যাকে আঞ্চলিক সমস্যা না ভেবে জাতীয় সমস্যা হিসেবে চিন্তা করে সমাধানের পথ বের করতে হবে।’

সিপিডির এই ফেলো আরও বলেন, ‘সবার আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে সরকার ও নির্বাচন কমিশন কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা। আগামী সরকার যাতে পাহাড়ের সমস্যাকে তাদের নির্বাচনী ইশতেহারে রাখে, তার জন্য কাজ করা হবে। মোটকথা, আগামীর বাংলাদেশে কোনো নাগরিক পিছিয়ে থাকবে না।’

সভায় উপস্থিত ছিলেন সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সামাজিক সংগঠনের জনপ্রতিনিধিরা এতে অংশ নেন।

পরামর্শ সভায় পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও চুক্তির পুনর্মূল্যায়ন, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা, ভূমি কমিশন কার্যকর এবং কাপ্তাই হ্রদ খননের বিষয়গুলো বেশি গুরুত্ব পায়।

আগামী নির্বাচনে নির্বাচন কমিশন যাতে কঠোর হাতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করে এবং নিরপেক্ষতা বজায় রাখে, বক্তারা সেই দাবি জানান। এ ছাড়া ব্যালটে ‘না’ ভোট প্রদানের বিধান রাখা এবং দেশবিরোধী দলকে নিষিদ্ধ করাসহ বিভিন্ন দাবি উত্থাপন করেন অংশগ্রহণকারীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত