মায়ের সঙ্গে শেষ কথা, পরে মিলল মেয়ের মরদেহ

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:০১ পিএম

ফরিদপুরের সদরপুরে তানজিলা ইসলাম (১৮) নামের এক গৃহবধূ মাকে ফোন করে তার সন্তানকে দেখে রাখার আকুতি জানান। এর পরদিনই শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ওই গৃহবধূর মরদেহ।

সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরঠেংগামার গ্রামের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

গৃহবধূ তানজিলা কৃষ্ণপুর ইউনিয়নের চরদড়ি কৃষ্ণপুর গ্রামের আইয়ুব আলী খানের মেয়ে এবং তার স্বামী রাকিব মৃধা সৌদি আরব প্রবাসী। তাদের রায়তুল নামে ১ বছরের একটি ছেলে রয়েছে।

আজ শুক্রবার এ তথ্য জানান ভুক্তভোগী নারীর মামা কুদ্দুস আলী। তিনি বলেন, ‘রাত ১২টার দিকে ভাগ্নি ফোন করে আমার বোনকে জানিয়েছিল, ‘মা, আমার সন্তানকে তোমরা দেখে রেখো। এরপর রাত ১ টার সময় ভাগ্নির শশুর বাড়ি থেকে ফোন দিলে জানতে পারি, তানজিলা গলায় ফাঁসি নিয়ে আত্মহত্যা করেছে। আমার ভাগ্নির গলায় ফাসের কোন দাগ নেই। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে মেরে ফেলা হয়েছে। আমরা মামলা করবো, এ হত্যার বিচার চাই।’

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ বছর আগে তানজিলা ইসলাম ভালোবেসে রাকিব মৃধাকে বিয়ে করেন। বৃহস্পতিবার রাতে স্বামীর সাথে ফোনে কথা বলে তানজিলা তার মায়ের কাছে ফোন দিয়ে বলে আমার সন্তানটা দেখে রেখ বলে ফোনটি রেখে দেয়। এরপর রাত ১টার দিকে তানজিলার শ্বশুর বাড়ির লোকজন ফোন দিয়ে জানায় তানজিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল মিয়া বলেন, মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আপাতত এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়না তদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে, কিভাবে মারা গেছে। পরিবারের কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত