সচিবালয় ভাতা দাবিতে সরকারি আচরণবিধি অমান্য করে সচিবালয়ে মিছিল, মিটিং ও আন্দোলন করাসহ অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখায় ১৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ডিএমপি শাহবাগ থানায় এ মামলা করা হয়।
মামলার আসামিরা হলেন স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা রোমান গাজী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পার্সোনাল অফিসার ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদীউল কবির, স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও সংযুক্ত পরিষদের সহসভাপতি শাহীন গোলাম রব্বানী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক ও সংযুক্ত পরিষদের সহসভাপতি নজরুল ইসলাম এবং তথ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক ও সংযুক্ত পরিষদের প্রচার সম্পাদক মিজানুর রহমান সুমন।
এ মামলায় আরও রয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস সহায়ক আবু বেলাল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক মো. কামাল হোসেন, অর্থ মন্ত্রণালয়ের অফিস সহায়ক বিপুল রানা বিপ্লব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক আলিমুজ্জামান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বিকাশ চন্দ্র রায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ইসলামুল হক, মহসীন আলী, তায়েফুল ইসলাম এবং মন্ত্রিপরিষদ বিভাগের অফিস সহায়ক মো. নাসিরুল হক নাসির। মামলার পর সব আসামিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কোর্টে চালান করা হয়েছে।
এর আগে গত বুধবার সচিবালয়ে কর্মরত সরকারি কর্মকর্তারা ২০ শতাংশ সচিবালয় ভাতা দাবিতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে ছয় ঘণ্টা ধরে অবরুদ্ধ রাখেন। পরে গত বৃহস্পতিবার বিকেল ৩টায় দাবি মেনে জিও (সরকারি আদেশ) জারি করার প্রতিশ্রুতি দেওয়া হয়। এরপর সচিবালয়ের বাদামতলায় আন্দোলন পরিচালনা করা হয়। রাতে সরকারি আচরণবিধি অমান্য করায় অন্তত চারজনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়।
