নির্বাচনের পরে বিএনপি জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, ‘আমাদের কমিটমেন্ট আছে, নির্বাচনের পরে আমরা জাতীয় সরকার গঠন করব। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষের শক্তি ও লিবারেল ডেমোক্রেসির পক্ষে রায় দেবে। আমরা মনে করি, এখানে উগ্রতার কোনো স্থান নেই এবং থাকবে না।’ গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘ঢাকা-৮ আসনের প্রার্থী ওসমান হাদিকে গুলি করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং একটি অশনি সংকেত দেখতে পাচ্ছি।’
তিনি বলেন, ‘নির্বাচনকে বানচাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে। আমরা মনে করি এটা চক্রান্তের একটি অংশ। এটাকে এখনই বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘কিছুদিন আগে চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীকে গুলি করা হয়েছে। আজ ইনকিলাব মঞ্চের নেতাকে গুলি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে প্রকৃত দোষীকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘অবিলম্বে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করুন। এই নির্বাচন যাতে সম্পূর্ণভাবে সন্ত্রাসমুক্ত হয়, তার জন্য ব্যবস্থা নিন।’
তিনি বলেন, ‘ইতিমধ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (আজ) এই ঘটনার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভের আহ্বান জানিয়েছেন।’
অনুষ্ঠানে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
