শরীয়তপুরে প্রেস সচিব

পৃথিবীর কোনো শক্তি নেই নির্বাচনকে বানচাল করার

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:২৬ এএম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম বলেছেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। নির্বাচন অনুষ্ঠানে কোনো ধরনের চ্যালেঞ্জ নেই। ইনশাআল্লাহ, পৃথিবীর কোনো শক্তি নেই নির্বাচনকে বানচাল করার। মানুষ স্বৈরাচারের সাড়ে ১৫ বছরে একটা ভালো নির্বাচন পায়নি। মানুষ একটা ভালো নির্বাচন চায়।

গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে শরীয়তপুরের নড়িয়ায় ‘সুরেশ্বর দরবার শরীফ’ জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, যারা প্রকৃত স্বৈরাচারী পার্টি, তারা তো নিজেরাই নির্বাচন থেকে আউট হয়ে গেছে। একটি পলিটিক্যাল পার্টির মেইন আইডেন্টিটি হচ্ছে সে শান্তিপূর্ণভাবে প্রটেক্ট করবে। তাদের সরকার ও কর্মীরা কী করেছে! রাইফেল, পিস্তল নিয়ে নেমে বাচ্চা-বাচ্চা ছেলেদের খুন করেছে। তারা ভেবেছিল আরও ১৫ বছর জাতিকে চুপ রাখবে। পুরো জাতি যে জেগে উঠেছে, সেটা তাদের খেয়াল ছিল না।

তিনি আরও বলেন, যারা আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। যারা অস্ত্র হাতে তুলে নেবে, তাদের কেউ নির্বাচন করতে দেবে না, কোথাও দেওয়া হয় না। আর আওয়ামী লীগ তো টেররিস্ট পার্টি হয়ে গেছে। বিএনপি একটি আন্দোলনের ডাক দিলেই যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা নেমে গিয়ে বাধা দিত এবং মারামারিতে লিপ্ত হতো। হেফাজতের সময় যুবলীগ ও ছাত্রলীগের ছেলেরা গোলাগুলি করেছে। এমন হাজারো প্রমাণ আছে। এ ছাড়া কোনো ক্যাম্পাসে তারা পলিটিকস করতে দিত না।

তারেক জিয়া এখনো ভোটার হতে পারেননি, তিনি কীভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন বুঝবেন। নির্বাচন কমিশনের অনেক নিয়ম আছে বলে জানান তিনি।

নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগের বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, যারা ভালো অর্গানাইজেশনের, যাদের আন্তর্জাতিক ইলেকশন অবজারভেশন করার রেপুটেশন আছে, তাদের আমরা আহ্বান করছি।

প্রেস সচিব বলেন, যা যা সাপোর্ট লাগছে আমরা নির্বাচন কমিশনকে দিচ্ছি। আমাদের সঙ্গে তাদের একটা ভালো রিলেশনশিপ তৈরি হয়েছে। সরকার ও নির্বাচন কমিশনের মূল লক্ষ্য হচ্ছে সুন্দর, ফ্রি, ফেয়ার ও গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত