ডুয়েটে যন্ত্রকৌশল বিভাগের মিলনমেলা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:০৩ পিএম

রঙিন বেলুন, উড়ন্ত পায়রা, বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা আর দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) উদযাপিত হলো যন্ত্রকৌশল বিভাগ দিবস। আয়োজনটি একদিকে যেমন মিলনমেলায় রূপ নেয়, অন্যদিকে জ্ঞান, গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ের এক কার্যকর প্ল্যাটফর্ম হয়ে ওঠে।

বর্তমান আর সাবেক শিক্ষার্থী এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের আনন্দ আড্ডায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে গোটা ক্যাম্পাস জুড়ে। শুক্রবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই সময়ে যন্ত্রকৌশল বিভাগের গুরুত্ব আরও বহুগুণে বেড়েছে। উৎপাদন, সেবা ও জীবনযাত্রার প্রতিটি স্তরে এই শাখার অবদান ক্রমেই বিস্তৃত হচ্ছে। ঠিক এমন প্রেক্ষাপটে মেকানিক্যাল ডে–২০২৫ (যন্ত্রকৌশল দিবস-২০২৫) দেশের শীর্ষ প্রকৌশলী, গবেষক, শিল্পখাতের পেশাজীবী, শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য জ্ঞানচর্চা ও অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

উপাচার্য তার বক্তব্যে ডুয়েটের জন্য অনুমোদিত ‘এম-ডুয়েট’ প্রকল্পকে বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানে রূপান্তরের একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি, দক্ষ মানবসম্পদ, স্বচ্ছ প্রশাসন এবং উদ্ভাবনভিত্তিক ইকোসিস্টেম গড়ে তোলা হবে। দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণার মাধ্যমে ডুয়েটকে শিক্ষা ও গবেষণায় আইকনিক অবস্থানে নেওয়ার লক্ষ্যে কাজ চলছে বলেও তিনি জানান।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ও ডুয়েটের উপ-উপাচার্য এবং যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, মেকানিক্যাল ডে কেবল একটি উৎসব নয়; এটি জ্ঞান, গবেষণা, উদ্ভাবন ও অ্যালামনাই সংযোগের একটি সমন্বিত প্ল্যাটফর্ম। তিনি বিভাগের ধারাবাহিক অগ্রগতি, ল্যাব আধুনিকায়ন, গবেষণা সম্প্রসারণ এবং শিল্প-একাডেমিক সংযোগ বৃদ্ধির কথা তুলে ধরে বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস, অনুষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক ড. হাসান মোহাম্মদ মোস্তফা আফরোজ, প্রাক্তন অধ্যাপক মো. আব্দুল হান্নান মিয়া, অ্যালামনাই কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, অনুষ্টান আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান, সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. রাশেদ মিয়া প্রমুখ।

‘এক ছাদের নিচে প্রজন্মের সেতুবন্ধন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিভাগের বিভিন্ন ব্যাচের অ্যালামনাই, বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, দেশের যন্ত্রকৌশল খাতের শীর্ষ প্রকৌশলী, শিল্পপ্রতিনিধি এবং কর্মকর্তা-কর্মচারীরা। প্রাণবন্ত এই মিলনমেলায় অ্যালামনাইরা তাদের কর্মজীবনের অভিজ্ঞতা, গবেষণা যাত্রা, দেশ-বিদেশে উচ্চশিক্ষার সুযোগ এবং শিল্পখাতের বাস্তব চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন। তাদের সঙ্গে বর্তমান শিক্ষার্থীদের মুক্ত আলোচনা ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে অনুপ্রেরণা জোগায় এবং এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে জ্ঞানের সেতুবন্ধন তৈরি করে।

দিনব্যাপী আয়োজনে ছিল বৃক্ষরোপণ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আন্তঃব্যাচ যোগাযোগ সেশন, গ্রুপ ফটো সেশন, স্টল পরিদর্শন, পুরস্কার বিতরণী, র‌্যাফেল ড্র ও সমাপনী অনুষ্ঠান। পুরো ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে হাসি, স্মৃতি রোমন্থন আর পুনর্মিলনের উষ্ণতা। উৎসবের এই দিনে সবাই ভবিষ্যতে বিভাগের উন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং শিল্প-একাডেমিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকরা জানালেন, মেকানিক্যাল ডে–২০২৫ তাই শুধু একটি আয়োজন নয়—ডুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত