ভারত বিশ্বকাপের পোস্টারে নেই সালমান আগার ছবি, পিসিবির প্রতিক্রিয়া

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম

২০২৬ সালের ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। তার আগে গেল বৃহস্পতিবার টুর্নামেন্টের প্রথম পর্যায়ের টিকিট ছেড়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যে ছবি দিয়ে টিকিট ছাড়ার ঘোষণা করা হয়েছে, সেখানে নেই পাকিস্তানের অধিনায়কের ছবি।

বৃহস্পতিবার থেকেই বিশ্বকাপের টিকিট বিক্রি নিয়ে একের পর এক পোস্ট করেছে আইসিসি। যে ছবিটা আইসিসি বিভিন্ন মাধ্যমে পোস্ট করেছেন, সেখানে আছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব, ইংল্যান্ডের হ্যারি ব্রুক, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, শ্রীলঙ্কার দাসুন শানাকা ও দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন বলেন, 'আমরা এশিয়া কাপের সময়ও এমন সমস্যার সম্মুখীন হই। তখন ব্রডকাস্টাররা আমাদের (পাকিস্তানের) অধিনায়ককে ছাড়া প্রচারণা চালানো শুরু করেছিল। পিসিবি এ বিষয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে কথা বলার পর পরিস্থিতির পরিবর্তন হয়। এবারও একই রকম সমস্যা, আইসিসি আমাদের অধিনায়কের ছবি তাদের প্রমোশনাল পোস্টারে দেয়নি।'

এ নিয়ে পাকিস্তানের সমর্থকেরা জানিয়েছেন প্রতিবাদ। কেন পাকিস্তানের অধিনায়কের ছবি প্রচারে রাখা হয়নি, তা নিয়েও বেশ ক্ষুব্ধ দেশটির সমর্থকেরা। আবার অনেকে বলছেন, সাফল্যের নিরিখেই নাকি পাঁচ দলের অধিনায়কের ছবি বেছে নেওয়া হয়েছে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে ২০টি দেশ। তার মধ্যে আইসিসির পোস্টারে রাখা হয়েছে পাঁচ দলের অধিনায়কের ছবি। বাকি ১৫ দলের কোনো ক্রিকেটারের ছবি রাখা হয়নি। দ্বিতীয় পর্বের টিকিট বিক্রি শুরু হবে কবে থেকে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত