লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩ এএম

লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মটকা মসজিদ এলাকায় ঘরে ঢুকে ছকিনা বেগম (৫০) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার ভোররাতের দিকে এই ঘটনা ঘটে। পুলিশ নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে ডাকাতি করার সময় বাধা দেওয়া বা পরিকল্পিতভাবে এই হত্যাকা-টি ঘটেছে কি না সেটা তদন্ত করছে পুলিশ।

নিহতের স্বজন এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ৩টার দিকে ঘরের ছাদ দিয়ে মুখোশ পরে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। পরে ঘরের ভেতরে ঢুকে প্রথমে ছকিনা বেগমের রুমে যায়। এ সময় ছকিনা বেগম চিৎকার দিলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে অন্যদের চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে গুরুতর আহত অবস্থায় ছকিনা বেগমকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায় ছকিনা।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক বলেন, পূর্ব শুক্রতা বা পরিকল্পিতভাবে নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ডাকাতির বিষয়টিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এদিকে, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা নিজ শয়নঘর থেকে দানিউল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে উপজেলার আরজি চৌপুকুরিয়া জিন্দাপীর মেলারসংলগ্ন এলাকা নিজ শয়নঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দানিউল ইসলাম ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের ছেলে। বীরগঞ্জ থানার ওসি বলেন, দানিউলকে ধারালো অস্ত্র দিয়ে গলা জবাই করা হয়েছে।

অন্যদিকে, যশোর সদর উপজেলার নওয়াপাড়ার পাগলাদাহ গ্রামে ছুরিকাঘাতে শহিদ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে এই ঘটনা ঘটে। নিহত শহিদ নওয়াপাড়ার পাগলাদাহ গ্রামের বাসিন্দা।

জানা যায়, গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে পাগলাদাহ এলাকায় শহিদের বাড়ির সামনে রহমানের দোকানের মোড় নামক স্থানে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে একই গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহত অবস্থায় যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনেরা জানান, একই গ্রামের পিয়াস (২৪), আলিফ (১৮), ইরান (২৪) ও রিয়াজ (২৫) এ ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত