যশোরে গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতায় প্রাণের ছোঁয়া

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫ এএম

যশোরে ঐতিহ্যের গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের রমজান মোড়ে এ প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় যুবসমাজ। আমন ধান কাটা শেষে ফাঁকা মাঠে ‘শীতকালীন উৎসব’ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় আশপাশের গ্রামের গরু, গাড়ি ও সওয়ারিরা অংশ নেন। গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা দেখায় মেতে ওঠেন নানা বয়সী পুরুষ ও নারীরা। প্রতিযোগিতায় ১৪টি গরুর গাড়ি অংশ নেয়। গাড়িপ্রতি টোকেন মূল্য ধরা হয় ৫০০ টাকা। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাঘারপাড়ার ওয়ালিদ হোসেন, দ্বিতীয় সদরের নলডাঙ্গার শহিদুল ইসলাম ও

তৃতীয় লেবুতলার সবেদালী মেম্বার। প্রথম পুরস্কার ছিল ফনিক্স বাইসাইকেল, দ্বিতীয় পুরস্কার ক্যাপ্টেন বাইসাইকেল ও তৃতীয় পুরস্কার ছিল ২৪ ইঞ্চি এলইডি টিভি। এ ছাড়া ছয়জনকে সান্ত¡না পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন।

আয়োজক কমিটির সদস্য মুজাহিদুল ইসলাম বলেন, ওসমানপুর মাঠে প্রতিবছর আশপাশের গ্রামের গরু, গাড়ি ও সওয়ারিরা প্রতিযোগিতায় অংশ নেন। প্রায় ৩০ থেকে ৩৫ বছর আগে সালাম ও আমিন নামের দুজন কৃষক নিজেদের গরুর বড়াই করতে গিয়ে তর্কে তর্কে গরু গাড়ির দৌড় প্রতিযোগিতা করেছিলেন। তারপর থেকে এই প্রতিযোগিতা হয়ে আসছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত