কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি একনলা বন্ধুক ও ৮ রাউন্ড ফাঁকা কার্তুজসহ লিয়াকত আলী নামে এক যুবককে আটক করেছেন কোস্ট গার্ড সদস্যরা। গত বৃহস্পতিবার তাকে হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকা থেকে আটক করা হয়। পরে আটক লিয়াকতকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার (বিএন) সিয়াম-উল-হক।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইলসংলগ্ন এলাকায় শীর্ষ সন্ত্রাসী জালাল উদ্দীন ওরফে লাশ জালাল ও তার সহযোগীরা অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গত বৃহস্পতিবার রাত ১১টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকায় একটি দেশীয় একনলা বন্দুক, আট রাউন্ড ফাঁকা কার্তুজ ও ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ জালাল উদ্দীন ওরফে লাশ জালালের ঘনিষ্ঠ সহযোগী লিয়াকতকে (৩৩) আটক করা হয়।
এদিকে আটক লিয়াকত আলীর স্ত্রী নুর মীম আক্তার দাবি করেন, তার স্বামীকে ব্যাপক মারধর করে রাতের আঁধারে ঘর থেকে তুলে নিয়ে ইয়াবা ও অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে, তার স্বামী এসব কাজে জড়িত নয়। এর আগে আওয়ামী লীগের আমলেও তার স্বামীর সঙ্গে এ ধরনের ষড়যন্ত্র করা হয়েছে। গত শুক্রবার দুপুর ১২টার সময় তার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
