হাদিকে সিঙ্গাপুর নিতে শাহজালালে নামল এয়ার অ্যাম্বুলেন্স

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ এএম

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে। এজন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টা ২২ মিনিটে ওসপ্রে এভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে অবতরণ করে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর দেড়টায় হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে শাহজালাল বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সটির। ওসমান হাদির সঙ্গে যাবেন, তাঁর বড়  দুই ভাই ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিক। এরইমধ্যে হাদিকে আনতে বিমানবন্দর থেকে রওনা দিয়েছে এয়ার অ্যাম্বুলেন্সটির ২ সদস্যের মেডিকেল প্রতিনিধি দল। তাদের মধ্যে একজন চিকিৎসক ও একজন নার্স রয়েছেন।

ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতাল থেকে কীভাবে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে সে প্রসঙ্গে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, হাসপাতাল থেকে সড়কপথে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) অ্যাম্বুলেন্সে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হবে। সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে। দুপুরের মধ্যেই পুরো প্রক্রিয়াটি শেষ হবে বলে জানান তিনি।

গত ১২ ডিসেম্বর ওসমান হাদি রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন। গুরুতর অবস্থায় প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে আজ সরকারি খরচে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানো হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত