জামায়াত আমির

সিইসির বক্তব্য জামায়াতকে ক্ষুব্ধ করেছে

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ এএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘হামলার ঘটনায় যখন সারা দেশের মানুষ ব্যথিত ও উদ্বিগ্ন, তখন সিইসির বক্তব্য জামায়াতকে ক্ষুব্ধ করেছে। এ বিষয়ে সিইসিকে নিজের অবস্থান ও বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে।’ গতকাল সোমবার মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘কোনো বিপ্লবী আহত হওয়ার পর সরকার নড়েচড়ে বসবে এমন শাসনব্যবস্থা দেশবাসী আর দেখতে চায় না। রাষ্ট্র পরিচালনায় দায়িত্বশীলতা ও আগাম উদ্যোগ জরুরি।

ওসমান হাদির ওপর হামলাকারীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি সরকার, তাহলে সরকারের কাজটা কী? এ ঘটনার জন্য ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত।’

তিনি বলেন, ‘গত ৫৪ বছর জাতির ভাগ্য চোরাবালিতে হারিয়ে গিয়েছিল। দেশের মানুষের আশা-আকাক্সক্ষা বারবার ব্যর্থতায় পড়েছে। তবে সাম্প্রতিক অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ঐক্য সৃষ্টি হয়েছে, তা আঁকড়ে ধরে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছে। জামায়াত ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলকে নিয়ে একটি ঐক্যবদ্ধ সরকার গঠনের মাধ্যমে দেশ পরিচালনা করা হবে।’

ফ্যাসিবাদের প্রশ্নে জামায়াতের অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, ‘অনেকেই আপস করলেও জামায়াত কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি এবং ভবিষ্যতেও কোনো অন্যায়ের সঙ্গে আপস করবে না।’

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘জামায়াতকে নিয়ে কোনো খবর প্রচারে খন্ডিত বা বিকৃত উপস্থাপনার মাধ্যমে অপপ্রচার না করার অনুরোধ জানাচ্ছি। ন্যায়সংগত ও সত্য সমালোচনা আমরা গ্রহণ করব। তবে দেশের ক্ষতি হয় এমন সাংবাদিকতা থেকে বিরত থাকবেন বলে আমরা আশা করি।’

সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। বক্তব্য দেন অন্য সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম।

এর আগে সকালে রাজধানীর গুলশানের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে সিইসি বলেন, ‘আইনশৃঙ্খলার অবনতি হলো কোথায়? একটু মাঝেমধ্যে দু-একটা খুনখারাবি হয়। এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এ ধরনের ঘটনা সব সময়ই ছিল। নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে। বাংলাদেশে এগুলো নতুন কিছু নয়। সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতির বরং উন্নতি হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত