মহান বিজয় দিবসের সম্মানার্থে আন্দোলন স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।
সোমবার (১৫ ডিসেম্বর) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান। এর আগে রাত সাড়ে ৮টার দিকে প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হয়।
চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, আগামীকাল মহান বিজয় দিবস উপলক্ষে আমরা আপাতত আমাদের কর্মসূচি স্থগিত রেখেছি। তবে উপ-উপাচার্যের পদত্যাগের দাবি অব্যাহত থাকবে। তার বিতর্কিত বক্তব্যের জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খানের পদত্যাগের দাবিতে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা প্রশাসনিক ভবনে তালা দেন।
