সাতক্ষীরা জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছেন। এ সময় সাতজন আহত হন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী শারমিন সুলতানা (২৮) ও তাদের ছেলে মুস্তাকিম (৮)।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবির জানান, বেপরোয়া গতিতে চলা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে মহেন্দ্র ও ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মহেন্দ্রে যাত্রী শারমিন সুলতানা ও তার ছেলে মুস্তাকিম ঘটনাস্থলেই নিহত হন।
আহত সাতজনকে উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মহেন্দ্র ও ইজি বাইক পড়ে রয়েছে। দ্রুতগতির মোটরসাইকেলটি দুর্ঘটনার পর পালিয়ে গেছে।
