প্রাণ পেল লাখো বছরের পুরনো হ্রদ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ এএম

চোখের সামনে যত দূর তাকানো যায়, শুধু বিস্তীর্ণ মরুভূমি আর পাথরের পাহাড়ের সারি। পানির অস্তিত্ব যেখানে প্রায় কল্পনাতীত, সেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে দেখা মিলেছে একটি হ্রদের। লাখো বছর আগে শুকিয়ে যাওয়া এই প্রাচীন জলাধার চলতি বছরে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। ভূতাত্ত্বিকদের মতে, হ্রদটির বয়স এক-দুই হাজার নয়, প্রায় ১ লাখ ২৮ হাজার থেকে ১ লাখ ৮৬ হাজার বছরের মধ্যে এর সৃষ্টি। তখন সিয়েরা নেভাদা পর্বতমালা ছিল বরফে ঢাকা। সেই হিমবাহ গলে আসা পানিতেই জন্ম নিয়েছিল বিশাল এই হ্রদ।

বর্তমানে এটি পরিচিত ‘ম্যানলি লেক’ নামে। গবেষকদের হিসাব অনুযায়ী, একসময় ম্যানলি লেকের দৈর্ঘ্য ছিল প্রায় ১৬০ কিলোমিটার। এই হ্রদের অবস্থানও ব্যতিক্রমী। উত্তর আমেরিকার সবচেয়ে নিচু স্থলভাগে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৮২ ফুট নিচে এর অবস্থান। সাধারণত বছর জুড়ে এখানে প্রচণ্ড শুষ্কতা বিরাজ করে। তীব্র রোদ আর গরম বাতাসে ভূমি থাকে ফেটে চৌচির। কিন্তু সম্প্রতি জমে ওঠা পানির কারণে আবারও কৌতূহলী মানুষের নজর কেড়েছে এলাকাটি।

চলতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত অস্বাভাবিক মাত্রায় বৃষ্টি হয়েছে ডেথ ভ্যালিতে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, এই তিন মাসে মোট ২ দশমিক ৪১ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুধু নভেম্বর মাসেই বৃষ্টি হয়েছে ১ দশমিক ৭৬ ইঞ্চি, যা শতাব্দীর মধ্যে অন্যতম সর্বোচ্চ। এর আগে ১৯২৩ সালে সর্বোচ্চ ১ দশমিক ৭ ইঞ্চি বৃষ্টি হয়েছিল এই অঞ্চলে। এই অতিবৃষ্টির ফলেই মরুভূমির বুকে আবার জমে উঠেছে ম্যানলি লেকের পানি। তবে এ বছরই যে হ্রদটি প্রথম জেগে উঠেছে, তা কিন্তু নয়। এর আগে দুই বছর আগে ঘূর্ণিঝড় ‘হিলারি’র প্রভাবে এলাকাটি প্লাবিত হয়েছিল। সে সময় হ্রদে তুলনামূলক আরও বেশি পানি জমেছিল এবং অল্প সময়ের জন্য নৌকাভ্রমণের সুযোগও পেয়েছিলেন পর্যটকরা। প্রকৃতির এই অপ্রত্যাশিত রূপান্তর আবারও মনে করিয়ে দিচ্ছেমরুভূমির বুকেও লুকিয়ে থাকে ইতিহাসের জলছবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত