তারেক রহমানের জন্য প্রস্তুত যে বাসভবন-অফিস

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:০৩ পিএম

দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বাসভবন, অফিস ব্যবস্থাপনা ও নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি।

দলীয় সূত্রে জানা যায়, গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসায় উঠবেন তারেক রহমান। ওই বাসার পাশেই ভাড়া করা বাসা ফিরোজায় বর্তমানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থান। পাশাপাশি গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বার প্রস্তুত করা হয়েছে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়েও তার জন্য পৃথক চেম্বার রাখা হয়েছে। এছাড়া আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন পরিচালনার জন্য গুলশানের ৯০ নম্বর সড়কের ১০/সি নম্বর ভবনটি নতুন অফিস হিসেবে ভাড়া নিয়েছে বিএনপি। এখানেও পৃথক চেম্বার থাকছে তারেক রহমানের।

গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাসায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সামনে নিরাপত্তা ছাউনি স্থাপন করা হয়েছে এবং সড়কে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা জানান, তারেক রহমান সেখানে অবস্থান করবেন বলেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভার সর্বসম্মত সিদ্ধান্তে বাড়িটি খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়। কয়েক মাস আগে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজু বাড়িটির দলিলপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করেন।

আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন তারেক রহমান। তার সঙ্গে থাকবেন তার কন্যা জাইমা রহমান। দলের শীর্ষ নেতার আগমনকে কেন্দ্র করে বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সেদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেতা-কর্মীরা তাকে সংবর্ধনা জানাতে উপস্থিত থাকবেন। দলীয় সূত্র জানিয়েছে, তারেক রহমানের দেশে ফেরার আগে লন্ডনে যাবেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশবাসী দীর্ঘদিন ধরে আমাদের নেতার অপেক্ষায় রয়েছে। তার আগমন উপলক্ষে দলের সব স্তরের নেতা-কর্মীরা সুশৃঙ্খলভাবে সড়কের দুই পাশে অবস্থান নিয়ে তাকে অভ্যর্থনা জানাবেন। সেই প্রস্তুতির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত