জামায়াত-ঘনিষ্ঠতার অভিযোগে সম্পর্ক ছিন্ন বিএনপির

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ এএম

জামায়াতে ইসলামীর সঙ্গে ঘনিষ্ঠতা ও সংগঠনবিরোধী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে দাউদকান্দি উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল শিকদারের সঙ্গে সংগঠনের সম্পর্ক ছিন্ন করার নোটিস দিয়েছে উপজেলা বিএনপি।

গত ১৬ ডিসেম্বর উপজেলা বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত নোটিসে বলা হয়, রবিউল শিকদার দীর্ঘদিন ধরে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে জামায়াতে ইসলামীর পক্ষে কাজ করছেন এবং বিভিন্নভাবে তাদের কার্যক্রমে সহযোগিতা ও প্রচার-প্রচারণায় যুক্ত থাকার অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি তিনি দলীয় কর্মকা-ে নিষ্ক্রিয় থেকে বিএনপিবিরোধী তৎপরতায় লিপ্ত আছেন বলেও নোটিসে উল্লেখ করা হয়।

এ ছাড়া গত ১৫ ডিসেম্বর বিএনপির একটি মিলাদ মাহফিলে রবিউল শিকদারের নেতৃত্বে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ ওঠে, যা দলীয় শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থী বলে উল্লেখ করা হয়।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা বিএনপি রবিউল শিকদারের সঙ্গে সব সাংগঠনিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে সব ধরনের যোগাযোগ ও সম্পর্ক পরিহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে রবিউল শিকদার তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার পুরো পরিবার বিএনপি করার কারণে গত ১৬ বছরে ২৪টি মামলার আসামি হয়েছি, জেলও খেটেছি, ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আর জামায়াতের সঙ্গে সম্পৃক্ততার প্রশ্নই ওঠে না। মূল সমস্যা স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি একসময় বিএনপি করেছে, মাঝখানে আওয়ামী লীগে যোগদান করেছে, এখন আবার বিএনপিতে আসতে চাচ্ছে। আমি বাধা হওয়ায় কৌশলে আমার নামে মিথ্যা অভিযোগ তুলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত