ন্যাটো ২০২৬ সালের জন্য তাদের সাধারণ তহবিলের বাজেট চূড়ান্ত করেছে। জোটের সামরিক প্রস্তুতি ও সক্ষমতা আরও শক্তিশালী করতে মোট প্রায় ৩০০ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নর্থ অ্যাটলান্টিক কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাঝে সিভিল বাজেট ধরা হয়েছে ৫২৮.২ মিলিয়ন ইউরো এবং সামরিক বাজেট ২.৪২ বিলিয়ন ইউরো।
ন্যাটোর এক বিবৃতিতে বলা হয়েছে, এই বাজেট জোটের গুরুত্বপূর্ণ সামর্থ্য বৃদ্ধি এবং প্রস্তুতি জোরদারে সহায়তা করবে, ফলে এটি আরও দৃঢ়, ন্যায্য ও শক্তিশালী হবে।
বাজেট ন্যাটোর সামরিক অভিযোজনকে সহায়তা করবে, মিত্র বাহিনীর মধ্যে আন্তঃসংশ্লিষ্টতা উন্নত করবে এবং সঙ্কট প্রতিরোধ, ব্যবস্থাপনা ও সহযোগিতামূলক নিরাপত্তা কার্যক্রমকে সমর্থন করবে। এছাড়া তহবিল ব্যবহার করা হবে ন্যাটো কমান্ড স্ট্রাকচার, ন্যাটো নেতৃত্বাধীন প্রশিক্ষণ ও মহড়া, জোটের অপারেশন ও মিশন এবং অংশীদার দেশগুলোর ক্ষমতা বৃদ্ধির কার্যক্রমের জন্য।
নতুন লক্ষ্য অনুযায়ী, আগামী ১০ বছরের মধ্যে ন্যাটো সদস্য দেশগুলোকে তাদের মোট জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করতে হবে, যা আগে ছিল মাত্র ২ শতাংশ। দুই বছর আগে ন্যাটো সদস্যপদ পাওয়া রাশিয়ার সীমান্তবর্তী ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব মন্তব্য করেছেন, আমরা নতুন ন্যাটোর উত্থান দেখছি। এই ন্যাটো অনেক বেশি ভারসাম্যপূর্ণ, যেখানে ইউরোপের দায়িত্ব আরও বেশি।
