দক্ষিণ রাশিয়ার বন্দরনগরী রোস্তভ-অন-ডন ও পাশের শহর বাতাইস্কে রাতভর ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একটি পণ্যবাহী জাহাজের দুইজন নাবিক রয়েছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) স্থানীয় প্রশাসনের সূত্রে এ তথ্য জানানো হয়।
রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লিউসার জানান, হামলার ফলে সৃষ্ট আগুন পরে নিয়ন্ত্রণে আনা হয়েছে। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরে তেলজাত পণ্যের সম্ভাব্য লিক এড়ানো গেছে। অন্যদিকে বাতাইস্কে ড্রোন হামলায় দুটি ব্যক্তিগত বাড়িতে আগুন ধরে গেলে একজন নিহত এবং সাতজন আহত হন।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ইউক্রেনের মোট ৪৭টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে ব্রিয়ানস্ক অঞ্চলে ৩১টি, কৃষ্ণ সাগরে পাঁচটি, ক্রাইমিয়ায় চারটি, বেলগোরোদে চারটি এবং রোস্তভ অঞ্চলে তিনটি ড্রোন ধ্বংস করা হয়।
এ অবস্থায় যুদ্ধের অবসান নিয়ে নতুন আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা চলতি সপ্তাহে মায়ামিতে বৈঠকে বসতে যাচ্ছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বুধবার এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বার্লিনে কিয়েভ ও ট্রাম্পের দূতদের মধ্যে দুই দিনের বৈঠকে অগ্রগতির কথা উল্লেখ করেন। একই সঙ্গে তিনি সতর্ক করেন, মস্কো ‘নতুন যুদ্ধের বছরের’ জন্য প্রস্তুতি নিচ্ছে।
